ওবামাকে ঢাকার পরিস্থিতি জানানো হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানের রেস্তোরাঁয় গতকাল শুক্রবার রাতে জঙ্গিদের সঙ্গে পুলিশের গোলাগুলি এবং জিম্মি ঘটনা সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে অবহিত করা হয়েছে। হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে বলে রয়টার্সের খবরে বলা হয়।
হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট ওবামা পরিস্থিতির অগ্রগতির ওপর নজর রাখতে বলেছেন।
এর আগে ওয়াশিংটনে ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরবি বলেন, ঢাকার রেস্তোরাঁয় বন্দুকধারীদের হামলার ঘটনায় কারা জড়িত, তা এখনো জানা যায়নি। কী উদ্দেশ্যে তারা এ ঘটনা ঘটিয়েছে, সে সম্পর্কেও কোনো তথ্য মেলেনি। তবে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের কর্মীরা নিরাপদে আছেন।
আর ঢাকায় মার্কিন দূতাবাস থেকে তাদের সব কর্মীকে নিরাপদে থাকতে বলা হয়।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ঢাকায় ভারতীয় হাইকমিশনে কর্মরত ভারতের নাগরিকদের সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, ‘আমাদের হাইকমিশন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।’