ওবামার জয়ে উল্লসিত অভিবাসী বাংলাদেশিরা
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামার জয় উদ্যাপন করেছেন অভিবাসী বাংলাদেশিরা। জয় নিশ্চিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ওবামার সমর্থক প্রবাসী বাংলাদেশিদের মধ্য উল্লাস শুরু হয়। নিউইয়র্কের জ্যাকসন হাইটস, ব্রুকলিন ও অ্যাস্টোরিয়ার বিভিন্ন স্থানে জড়ো হয়ে ‘ওবামা ওবামা’ বলে স্লোগান দেন বাংলাদেশিরা। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে নিউইয়র্কের টাইমস স্কোয়ারে বিজয় উল্লাসে যোগ দেন প্রবাসী বাংলাদেশি জেড এ জয়। জয় জানান, বন্ধুদের নিয়ে রাতভর উল্লাস করে ওবামার জয় উদ্যাপন করছেন। তিনি বলেন, ‘ওবামা সংখ্যালঘুদের বন্ধু।’ অ্যাস্টোরিয়ার নুর উদ্দীন আহমেদ বলেন, অবৈধ অভিবাসী হওয়ায় তাঁর ভোট দেওয়ার সুযোগ ছিল না। ওবামার জয়ের আনন্দে গাড়ি নিয়ে রাজপথে বেরিয়ে এসেছেন। ওবামা যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের বৈধতা দেবেন বলে আশা তাঁর। নিউজার্সিতে বসবাসরত হাসিনা শিরিন চৌধুরী বলেন, ‘নারী অধিকারের প্রতি শ্রদ্ধাশীল ওবামার বিজয়ে আমি আনন্দিত।’ মিশিগান থেকে হেলাল উদ্দিন জানান, রাতের কাজ ফাঁকি দিয়ে ওবামার বিজয় উদ্যাপন করছেন তিনি। আর বদরুল ইসলাম বলছেন, ওবামার জয়ে স্বদেশে নির্বাচনে নিজের প্রার্থীর জয়ের আনন্দ অনুভব করছেন।নিউইয়র্কের একটি হাসপাতালে কর্মরত প্রযুক্তিবিদ ইশতেহাক চৌধুরী বলেন, ওবামার নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্রের জনতার জয় হয়েছে। নিউইয়র্কের জ্যামাইকায় বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত ভাইবোন সামিনা, সাকিব ও সুমাইয়া। এবার প্রথম ভোট দিয়েছেন সামিন ও সাকিব। ওবামাকেই ভোট দিয়েছেন তাঁরা। প্রথমবারই ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারায় অন্য রকম আনন্দ সামিন ও সাকিবের। মার্কিন পতাকা নিয়ে ঘরে বসে ওবামার জয় উদ্যাপন করেন তাঁরা।