ওবায়দুল-আতাউরের রায় কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার ওবায়দুল হক ওরফে তাহের এবং আতাউর রহমান ওরফে ননীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল মঙ্গলবার ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ সোমবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল রায়ের এ দিন ঠিক করে দেন।

গত বছরের ৪ জানুয়ারি থেকে এ মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ যুক্তি উপস্থাপন করে। রাষ্ট্রপক্ষে ছিলেন কৌঁসুলি মোকলেছুর রহমান ও সাবিনা ইয়াসমিন। আসামিপক্ষে ছিলেন আবদুস সোবহান তরফদার ও গাজী এম এইচ তামিম।

২০১৩ সালের ৬ জুন ওবায়দুল-আতাউরের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। পরে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ২০১৪ সালের ১২ আগস্ট তাঁদের গ্রেপ্তার করা হয়। গত বছরের ৩ মার্চ ট্রাইব্যুনাল তাঁদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগ গঠন করেন।

রাষ্ট্রপক্ষ জানায়, ওবায়দুলের (৫৫) বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার ভোগাপাড়া গ্রামে। আতাউরের (৫৮) বাড়ি একই জেলার কেন্দুয়া উপজেলার কচন্দরা গ্রামে। মুক্তিযুদ্ধের সময় তাঁরা পাকিস্তানের অখণ্ডতা রক্ষার নামে রাজাকার বাহিনীতে যোগ দেন ও মানবতাবিরোধী অপরাধ করেন।