ওবায়দুল ও আতাউরের বিরুদ্ধে ছয় অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার ওবায়দুল হক (তাহের) ও আতাউর রহমানের (ননী) বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আগামী ৫ এপ্রিল থেকে তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ধার্য করা হয়েছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল সোমবার এ আদেশ দেন। এ সময় আসামির কাঠগড়ায় ওবায়দুল ও আতাউর হাজির ছিলেন।
ওবায়দুল ও আতাউরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল। প্রথম অভিযোগে বলা হয়েছে, একাত্তরের ১৭ আগস্ট এ দুই আসামির নেতৃত্বে রাজাকাররা নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউসী বাজার থেকে ফজলুর রহমান তালুকদারকে অপহরণ করে জেলা পরিষদ ডাক বাংলোয় নির্যাতনের পর ত্রিমোহিনী সেতুতে নিয়ে হত্যা করে।
দ্বিতীয় অভিযোগ অনুসারে, ৪ অক্টোবর বারহাট্টার শ্রী শ্রী জিউর আখড়ার সামনে থেকে আসামিরা ফুটবলার দবির হোসেনকে অপহরণের পর মোক্তারপাড়া সেতুতে নিয়ে গুলি করে হত্যা করে। তৃতীয় অভিযোগে বলা হয়েছে, ১৯ অক্টোবর আসামিরা বারহাট্টার লাউফা গ্রাম থেকে ১০ জনকে অপহরণের পর ঠাকুরাকোনা সেতুতে নিয়ে যায় এবং সেখানে সাতজনকে হত্যা করা হয়।
ওবায়দুল ও আতাউরের বিরুদ্ধে চতুর্থ অভিযোগে বলা হয়েছে, তাঁরা নেত্রকোনার মলয় বিশ্বাস ও শীষ চন্দ্র সরকারকে পরিবারসহ দেশত্যাগে বাধ্য করেন। পঞ্চম অভিযোগ অনুসারে, ১৫ নভেম্বর আসামিরা বিরামপুর বাজার থেকে মুক্তিযুদ্ধের সংগঠক বদিউজ্জামানসহ ছয়জনকে অপহরণ করে লক্ষ্মীগঞ্জ খেয়াঘাট ও মোক্তারপাড়া সেতুতে নিয়ে গুলি করে।
ষষ্ঠ অভিযোগে বলা হয়েছে, আসামিরা চন্দ্রনাথ উচ্চবিদ্যালয়ের শিক্ষক কামিনী চন্দ্র চক্রবর্তীসহ ২৭ জনকে নেত্রকোনা কারাফটক থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে।
অভিযোগ পড়ে শোনানোর পর ট্রাইব্যুনাল আসামিদের কাছে জানতে চান, তাঁরা দোষী না নির্দোষ। জবাবে দুজনই নিজেদের নির্দোষ দাবি করেন। পরে ট্রাইব্যুনাল তাঁদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ধার্য করেন।
রাষ্ট্রপক্ষ জানায়, ওবায়দুলের (৫৫) বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার ভোগাপাড়া গ্রামে। আতাউরের (৫৮) বাড়ি একই জেলার কেন্দুয়া উপজেলার কচন্দরা গ্রামে। মুক্তিযুদ্ধের সময় তাঁরা পাকিস্তানের অখণ্ডতা রক্ষার নামে রাজাকার বাহিনীতে যোগ দেন ও মানবতাবিরোধী অপরাধ করেন।