একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা এবং অপহরণের পর আটকে রেখে নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে নেত্রকোনার ওবায়দুল হক (তাহের) ও আতাউর রহমানকে (ননি) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফাঁসিতে ঝুলিয়ে বা গুলি করে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করতে পারবে সরকার।
বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ারদী। এ নিয়ে মানবতাবিরোধী অপরাধের ২২টি মামলায় ২৬ জন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করলেন ট্রাইব্যুনাল। তাঁদের মধ্যে ১৮ জনের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
রায়ে ট্রাইব্যুনাল বলেন, ওবায়দুল ও আতাউরের বিরুদ্ধে গঠন করা ছয়টি অভিযোগের মধ্যে চারটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে রাষ্ট্রপক্ষ। এর মধ্যে তৃতীয় ও পঞ্চম অভিযোগে তাঁদের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। তৃতীয় অভিযোগে বলা হয়েছে, একাত্তরের ১৯ অক্টোবর ওবায়দুল-আতাউর নেত্রকোনার বারহাট্টা উপজেলার লাউফা গ্রাম থেকে ১০ জনকে অপহরণের পর ঠাকুরাকোনা সেতুতে নিয়ে যান এবং সেখানে সাতজনকে হত্যা করেন। পঞ্চম অভিযোগ অনুসারে, একাত্তরের ১৫ নভেম্বর আসামিরা নেত্রকোনার বিরামপুর বাজার থেকে মুক্তিযুদ্ধের সংগঠক বদিউজ্জামানসহ ছয়জনকে অপহরণ করে লক্ষ্মীগঞ্জ খেয়াঘাট ও মোক্তারপাড়া সেতুতে নিয়ে গুলি করে হত্যা করেন।
প্রথম ও দ্বিতীয় অভিযোগে ওবায়দুল ও আতাউরকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল। প্রথম অভিযোগে বলা হয়, একাত্তরের ১৭ আগস্ট দুই আসামির নেতৃত্বে রাজাকাররা বারহাট্টার বাউসী বাজার থেকে ফজলুল রহমান তালুকদারকে অপহরণ করে জেলা পরিষদ ডাকবাংলোয় নির্যাতনের পর ত্রিমোহিনী সেতুতে নিয়ে হত্যা করে। দ্বিতীয় অভিযোগ অনুসারে, একাত্তরের ৪ অক্টোবর বারহাট্টার শ্রীশ্রী জিউর আখড়ার সামনে থেকে আসামিরা ফুটবলার দবির হোসেনকে অপহরণের পর মোক্তারপাড়া সেতুতে নিয়ে গুলি করে হত্যা করেন। ওবায়দুল ও আতাউরের বিরুদ্ধে দেশত্যাগে বাধ্য করার চতুর্থ অভিযোগ ও গণহত্যার ষষ্ঠ অভিযোগ প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ। এ জন্য তাঁদের এ দুটি অভিযোগ থেকে খালাস দেওয়া হয়।
রায় ঘোষণা পূর্বনির্ধারিত থাকায় গতকাল সকালে ওবায়দুল ও আতাউরকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রায় ঘোষণার সময় তাঁরা আসামির কাঠগড়ায় হাজির ছিলেন। প্রায় দেড় ঘণ্টা ধরে ২৬৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের সংক্ষিপ্ত অংশ পড়ে শোনান ট্রাইব্যুনালের তিন বিচারপতি। এ সময় এই মামলা পরিচালনাকারী রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোখলেছুর রহমান, সাবিনা ইয়াসমিন খানসহ অন্য কৌঁসুলিরা উপস্থিত ছিলেন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবদুস সোবাহান তরফদার ও গাজী এম এইচ তামিম। রায়ের পর রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষ বলেছে, এই রায়ের বিরুদ্ধে তারা আপিল করবে।
২০১৩ সালের ৬ জুন ওবায়দুল ও আতাউরের বিরুদ্ধে অভিযোগ তদন্ত শুরু করে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ১২ আগস্ট তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। পরদিন তাঁদের গ্রেপ্তার করে হাজির করা হলে ট্রাইব্যুনাল তাঁদের কারাগারে পাঠান। এরপর থেকে তাঁরা কারাগারে আছেন। ২০১৪ সালের ৫ নভেম্বর তাঁদের বিরুদ্ধে তদন্ত শেষ করে প্রতিবেদন দেওয়া হয়। গত বছরের ২ মার্চ এই ট্রাইব্যুনাল ওবায়দুল ও আতাউরের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ প্রভৃতি মানবতাবিরোধী অপরাধের ছয়টি ছয় অভিযোগ গঠন করেন।
ওবায়দুলের (৬৫) বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার ভোগাপাড়া গ্রামে। আতাউরের (৬২) বাড়ি একই জেলার কেন্দুয়া উপজেলার কচন্দরা গ্রামে। মুক্তিযুদ্ধের সময় নেত্রকোনা সদর, বারহাট্টা উপজেলাসহ বিভিন্ন এলাকায় মানবতাবিরোধী কর্মকাণ্ডের জন্য তাঁরা দুজন কুখ্যাত রাজাকার হিসেবে পরিচিতি পান।
নেত্রকোনায় আনন্দ-উল্লাস: নেত্রকোনা প্রতিনিধি জানান, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া রাজাকার মো. ওবায়দুল হক ও আতাউর রহমানের মত্যুদণ্ডের খবর শোনার পর আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। রায়ে মামলার বাদীসহ শহীদ ও নির্যাতিত পরিবারের স্বজনেরা সন্তোষ প্রকাশ করেন।
গতকাল সকালে রায় ঘোষণার আগেই নেত্রকোনার স্থানীয় মুক্তিযোদ্ধা এবং একাত্তরের শহীদ ও নির্যাতিত পরিবারের স্বজনেরা শহরের মোক্তারপাড়া এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জড়ো হন। রায়ের খবর আসতেই ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে উল্লাসে ফেটে পড়েন সবাই।
নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী প্রথম আলোকে বলেন, এখানকার দুই রাজাকারের ফাঁসির রায়কে কেন্দ্র করে পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। মামলার বাদী ও সাক্ষীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ফাঁসির দণ্ডপ্রাপ্ত ওবায়দুলের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার ভোগাপাড়া এবং আতাউরের বাড়ি একই জেলার কেন্দুয়া উপজেলার কচন্দরা গ্রামে।