ওবায়দুল ও আতাউরের রায় যেকোনো দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার ওবায়দুল হক ওরফে তাহের ও আতাউর রহমান ওরফে ননীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যেকোনো দিন ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে গতকাল রোববার এ মামলার কার্যক্রম শেষ হয়। পরে রায় ঘোষণা অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল। এ সময় ওবায়দুল ও আতাউর ট্রাইব্যুনালে হাজির ছিলেন।

৪ জানুয়ারি থেকে এ মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ যুক্তি উপস্থাপন করে। রাষ্ট্রপক্ষে ছিলেন কৌঁসুলি মোকলেছুর রহমান ও সাবিনা ইয়াসমিন। আসামিপক্ষে ছিলেন আবদুস সোবহান তরফদার ও গাজী এম এইচ তামিম। ২০১৩ সালের ৬ জুন ওবায়দুল ও আতাউরের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। পরে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ২০১৪ সালের ১২ আগস্ট তাঁদের গ্রেপ্তার করা হয়। গত বছরের ৩ মার্চ ট্রাইব্যুনাল তাঁদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগ গঠন করেন।

রাষ্ট্রপক্ষ বলেছে, ওবায়দুলের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার ভোগাপাড়া গ্রামে। আতাউরের বাড়ি একই জেলার কেন্দুয়া উপজেলার কচন্দরা গ্রামে। মুক্তিযুদ্ধের সময় তাঁরা পাকিস্তানের অখণ্ডতা রক্ষার নামে রাজাকার বাহিনীতে যোগ দেন এবং মানবতাবিরোধী অপরাধ করেন।

ছয় অভিযোগ: ওবায়দুল ও আতাউরের বিরুদ্ধে প্রথম অভিযোগে বলা হয়েছে, একাত্তরের ১৭ আগস্ট এ দুজনের নেতৃত্বে রাজাকাররা নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউসী বাজার থেকে ফজলুর রহমান তালুকদারকে অপহরণ করে নির্যাতনের পর হত্যা করে। দ্বিতীয় অভিযোগ অনুসারে, ৪ অক্টোবর বারহাট্টার শ্রীশ্রী জিউর আখড়ার সামনে থেকে তারা ফুটবলার দবির হোসেনকে অপহরণের পর গুলি করে হত্যা করে। তৃতীয় অভিযোগ, ১৯ অক্টোবর আসামিরা বারহাট্টার লাউফা গ্রাম থেকে ১০ জনকে অপহরণের পর ঠাকুরাকোণা সেতুতে নিয়ে যান এবং সেখানে সাতজনকে হত্যা করা হয়। চতুর্থ অভিযোগে বলা হয়, তাঁরা নেত্রকোনার মলয় বিশ্বাস ও শীষ চন্দ্র সরকারকে পরিবারসহ দেশত্যাগে বাধ্য করেন। পঞ্চম অভিযোগ, ১৫ নভেম্বর আসামিরা বিরামপুর বাজার থেকে মুক্তিযুদ্ধের সংগঠক বদিউজ্জামানসহ ছয়জনকে অপহরণ করে লক্ষ্মীগঞ্জ খেয়াঘাট ও মোক্তারপাড়া সেতুতে নিয়ে গুলি করেন। ষষ্ঠ অভিযোগে বলা হয়েছে, আসামিরা চন্দ্রনাথ উচ্চবিদ্যালয়ের শিক্ষক কামিনী চন্দ্র চক্রবর্তীসহ ২৭ জনকে নেত্রকোনা কারা ফটক থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করেন।