ওবায়দুল কাদেরের মামলা বাতিলের আবেদন খারিজ
সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলা বাতিলের জন্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদেরের করা আবেদনটি খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে মামলাটির কার্যক্রম স্থগিত করে এর আগে দেওয়া আদেশ প্রত্যাহার করা হয়েছে।গতকাল রোববার বিচারপতি খোন্দকার মুসা খালেদ ও বিচারপতি কাজী রেজা-উল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এই আদেশের ফলে নিম্ন আদালতে এ মামলার কার্যক্রম চলবে বলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান জানান। আদালতে দুদকের পক্ষে খুরশীদ আলম ও ওবায়দুল কাদেরের পক্ষে খায়রুল আলম মামলা পরিচালনা করেন।খুরশীদ আলম প্রথম আলোকে বলেন, আগের ঘটনায় পরের আইনে বিচার করা যায় না এবং ৬০ দিনের মধ্যে তদন্ত শেষ করা বাধ্যতামূলক বলে আবেদনকারী যুক্তি দেখান। আদালত তা নাকচ করে রায় দেন। ফলে মামলার কার্যক্রম চলবে। খায়রুল আলম বলেন, আবেদনকারীর (ওবায়দুল কাদের) সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ৩০ অক্টোবর দুদকের উপপরিচালক আশরাফুল ইসলাম রমনা মডেল থানায় ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলাটি করেন। এতে তাঁর বিরুদ্ধে প্রায় ৬২ লাখ ৮৪ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৫ লাখ ৫৪ হাজার ২৪৬ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় ২০০৮ সালের ২২ মে। ২০০৮ সালের ২ জুলাই ওবায়দুল কাদের হাইকোর্টে বাতিল আবেদন জানালে আদালত মামলাটির কার্যক্রম স্থগিত করেন।