ওবায়দুল গ্রেপ্তার হয়নি, শিক্ষার্থীদের অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থীরা গতকাল সড়ক অবরোধ করে ওই স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিসার হত্যাকারীকে গ্রেপ্তারের দাবি জানায় l ছবি: প্রথম আলো
রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থীরা গতকাল সড়ক অবরোধ করে ওই স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিসার হত্যাকারীকে গ্রেপ্তারের দাবি জানায় l ছবি: প্রথম আলো

রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিসা (১৪) হত্যার ঘটনায় অভিযুক্ত বখাটে ওবায়দুল খানকে (২৯) গতকাল মঙ্গলবার পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ওবায়দুলের বোন ও ভগ্নিপতিকে গত সোমবার রাতে দিনাজপুরের বীরগঞ্জ থানায় নেওয়া হয়েছে।
ওবায়দুলকে গ্রেপ্তারের দাবিতে গতকালও কাকরাইল মোড় অবরোধ করে উইলস লিটল ফ্লাওয়ারের শিক্ষার্থীরা। এতে ওই মোড় দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে আশপাশের সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। শিক্ষার্থীরা বলেছে, ওবায়দুল গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তাদের এমন কর্মসূচি চলবে।
অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া গত বুধবার পরীক্ষা শেষে স্কুলের সামনের পদচারী-সেতু দিয়ে সড়কের ওপারে যাওয়ার সময় এক বখাটে তাকে ছুরিকাঘাত করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সুরাইয়া মারা যায়। এ ঘটনায় তার মা তানিয়া হোসেন রমনা থানায় এলিফ্যান্ট রোডের ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের একটি দরজির দোকানের কর্মী ওবায়দুল খানকে আসামি করে মামলা করেন।
দিনাজপুর প্রতিনিধি জানিয়েছেন, ওবায়দুলের গ্রামের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের মিরাটঙ্গী গ্রামে। তাঁর বাবা মৃত আবদুস সামাদ। স্থানীয় লোকজন জানান, সোমবার দুপুর পর্যন্ত ওবায়দুলকে গ্রামে দেখা গেছে। তবে সোমবার সন্ধ্যায় পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালানোর আগেই তিনি সটকে পড়েন।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ আহম্মদ বলেন, রমনা থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বীরগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় সোমবার সন্ধ্যায় ওবায়দুলের গ্রামের বাড়িতে অভিযান চালান। ওবায়দুলকে না পেয়ে পাশের বাড়ি থেকে তাঁর বোন খাদিজা বেগম (৩৬) ও ভগ্নিপতি খাদেমুল ইসলামকে (৪৬) থানায় আনা হয়েছে। রমনা থানার পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করছে।
এদিকে ওবায়দুলকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে রোববার ও সোমবার কাকরাইল মোড় অবরোধ করেছিল উইলস লিটল ফ্লাওয়ারের শিক্ষার্থীরা। সোমবার অবরোধ চলাকালে পুলিশ ৪৮ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তারের আশ্বাস দিলে সেদিন অবরোধ তুলে নিয়েছিল শিক্ষার্থীরা। কিন্তু গতকাল সকাল পর্যন্ত আসামি গ্রেপ্তার না হওয়ায় শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টায় কাকরাইল মোড়ে জড়ো হয়। দুপুর ১২টার দিকে তারা ওই মোড়ে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। তারা হত্যাকারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকে। বেলা তিনটার দিকে তারা অবরোধ তুলে নেয়।
অবরোধে সুরাইয়ার বাবা রমজান হোসেনও অংশ নেন। আসামি গ্রেপ্তার না হওয়ায় তিনি গণমাধ্যমকর্মীদের কাছে হতাশা প্রকাশ করে বলেন, ‘আমি মেয়ের হত্যাকারীর ফাঁসি চাই।’ এ জন্য তিনি পুলিশসহ সবার সহযোগিতা এবং প্রয়োজনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। অবরোধে সংহতি প্রকাশ করে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, অপরাধী সম্পর্কে সব তথ্য দেওয়ার পরও তাঁকে গ্রেপ্তার করতে না পারা পুলিশের ব্যর্থতা।
অবরোধের কারণে কাকরাইলসহ আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে এসব সড়ক দিয়ে চলাচলকারী বিভিন্ন যানের যাত্রীরা। অবরোধ তুলে নেওয়ার আগে শিক্ষার্থীরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচিতে রয়েছে আজ বুধবার উইলস লিটল ফ্লাওয়ারে শোক সভা ও মিলাদ। এ ছাড়া বৃহস্পতিবার সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে দুপুর ১২টায় মানববন্ধন ও শোকসভা করার আহ্বান জানায় তারা। মুনতাসীর মাহমুদ নামের এক শিক্ষার্থী প্রথম আলোকে বলে, জনভোগান্তির কথা চিন্তা করে আপাতত অবরোধ তুলে নেওয়া হয়েছে। তবে আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত প্রতিদিন কাকরাইল মোড় অবরোধ করা হবে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার প্রথম আলোকে বলেন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ওবায়দুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামি যাতে দেশ ছেড়ে পালাতে না পারে, সে জন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষকে সোমবার চিঠি দেওয়া হয়েছে।
আসামিকে গ্রেপ্তারের বিষয়ে সন্ধ্যায় রমনা থানার ওসি মশিউর রহমান প্রথম আলোকে বলেন, এখনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি। গ্রেপ্তারে অভিযান চলছে। ওবায়দুলের বোন ও ভগ্নিপতি সম্পর্কে তিনি বলেন, তাঁদের আটক করা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।