
রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিসা হত্যা মামলায় গ্রেপ্তার করা ওবায়দুল খানকে ছয় দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম দেলোয়ার হোসেন ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে ওবায়দুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল উইলস লিটল ফ্লাওয়ারের শিক্ষক-শিক্ষার্থীরা স্কুলের সামনে মানববন্ধন করে। একই দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও উদীচী শিল্পীগোষ্ঠী একই স্থানে মানববন্ধন এবং বাংলাদেশ মহিলা পরিষদ প্রতিবাদ সমাবেশ করে।
গত ২৪ আগস্ট পরীক্ষা শেষে স্কুলের সামনের পদচারী-সেতু দিয়ে সড়কের ওপারে যাওয়ার সময় সুরাইয়াকে ছুরিকাঘাত করেন ওবায়দুল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার সুরাইয়া মারা যায়। ২৪ আগস্ট রাতে সুরাইয়ার মা তানিয়া হোসেন এ ঘটনায় ওবায়দুলকে আসামি করে রমনা থানায় মামলা করেন। গত বুধবার সকালে নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় বাজার থেকে স্থানীয় মানুষের সহায়তায় ওবায়দুলকে গ্রেপ্তার করে রমনা থানায় আনা হয়।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, গতকাল বেলা পৌনে দুইটার দিকে ওবায়দুলকে আদালতে পাঠানো হয়। আদালত তাঁর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ছুরিকাঘাতের কথা স্বীকার করেছেন। ছুরিটি এখনো উদ্ধার করা যায়নি।
রিসার বাবা রমজান হোসেন ও মা তানিয়া হোসেন গতকাল আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।

মানববন্ধন: পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুর ১২টার দিকে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে মানববন্ধন করেন প্রতিষ্ঠানটির
শিক্ষক-শিক্ষার্থীরা। অডিট ভবন থেকে কাকরাইল মোড় পর্যন্ত এ মানববন্ধন থেকে মামলার দ্রুত বিচার ও আসামির ফাঁসি দাবি করা হয় এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচিতে রয়েছে আজ শুক্রবার সুরাইয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া এবং কাল শনিবার সুরাইয়ার কবর জিয়ারত।
মানববন্ধনে স্কুলের শিক্ষক রফিকুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আসামির ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন বন্ধ করা যাবে না। তিনি সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লোজড সার্কিট ক্যামেরা স্থাপনের ও নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি জানান।
প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা ওবায়দুলের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। মানববন্ধন সড়কের এক পাশ ধরে হওয়ায় যানবাহন চলাচলে তেমন সমস্যা হয়নি।
বেলা ১১টার দিকে উইলস লিটল ফ্লাওয়ারের সামনে প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগর শাখা। সমাবেশে মহিলা পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি রেখা চৌধুরী, সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক রেহানা ইউনুস প্রমুখ বক্তব্য দেন।
সুরাইয়া হত্যার বিচারের দাবিতে প্রায় একই সময় সেখানে যৌথভাবে মানববন্ধন করে ছাত্র ইউনিয়ন পল্টন থানা সংসদ ও উদীচী শিল্পীগোষ্ঠী শান্তিনগর শাখা। মানববন্ধনে উদীচীর শান্তিনগর শাখার সভাপতি মঞ্জুর মোর্শেদ, ছাত্র ইউনিয়ন পল্টন থানার সভাপতি বিল্লাল হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা জলি তালুকদার প্রমুখ বক্তব্য দেন।