রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিসা হত্যা মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। গতকাল সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পরিদর্শক (তদন্ত) আলী হোসেন এ অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে ওবায়দুল খানকে একমাত্র আসামি করা হয়েছে।
আদালত সূত্র বলেছে, সুরাইয়া হত্যা মামলায় ওবায়দুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। তাই তাঁকেই একমাত্র আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এ মামলায় ২৬ জনকে সাক্ষী করা হয়েছে।
চলতি বছরের ২৪ আগস্ট সুরাইয়া পরীক্ষা শেষে বাড়ি ফেরার জন্য রাস্তা পার হতে কাকরাইলে বিদ্যালয়ের সামনে পদচারী-সেতুতে উঠলে তাঁকে ছুরিকাঘাত করেন ওবায়দুল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৮ আগস্ট সুরাইয়া মারা যায়। ছুরিকাঘাতের ঘটনায় ২৪ আগস্ট সুরাইয়ার মা তানিয়া হোসেন বাদী হয়ে রমনা থানায় মামলা করেন। মামলায় এলিফ্যান্ট রোডের ইস্টার্ন মল্লিকা বিপণিবিতানের একটি দরজি দোকানের কর্মী ওবায়দুলকে আসামি করা হয়। ওবায়দুলকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।
৩১ আগস্ট ওবায়দুলকে নীলফামারী থেকে লোকজনের সহায়তায় গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাঁকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে রিমান্ডে নেয় পুলিশ। ৫ সেপ্টেম্বর হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন তিনি।