ওবায়দুল-আতাউরকে জিজ্ঞাসাবাদের অনুমতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া নেত্রকোনার আতাউর রহমান ও ওবায়দুল হককে এক দিন করে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। ট্রাইব্যুনাল আদেশে আরও বলেন, আগামী ১৪ সেপ্টেম্বর এই দুজনের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে হবে।
আতাউর ও ওবায়দুলকে ধানমন্ডির সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে করা আবেদনের ওপর শুনানি করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাবিনা ইয়াসমিন। এর বিরোধিতা করেন ওবায়দুলের আইনজীবী তরিকুল ইসলাম।
১২ আগস্ট এই ট্রাইব্যুনাল আতাউর ও ওবায়দুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আতাউর ও ওবায়দুলকে গ্রেপ্তার করা হয়। ১৩ আগস্ট ট্রাইব্যুনালে হাজির করা হলে তাঁদের কারাগারে পাঠানো হয়।
লতিফের জামিন আবেদনের আদেশ হয়নি: মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া বাগেরহাটের আবদুল লতিফ তালুকদারের জামিনের আবেদনের বিষয়ে আদেশ দেওয়া হবে তাঁর বিরুদ্ধে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ দেখার পর। ট্রাইব্যুনাল-১ গতকাল এ কথা জানান।