ওভার ড্রাফট একটি জাহাজকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে ঝুঁকিপূর্ণভাবে চালিয়ে জেটিতে ভেড়ানোর অভিযোগে গত বৃহস্পতিবার রাতে জাহাজের স্থানীয় এজেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা আদায়ের পর জাহাজের বিদেশি ক্যাপ্টেনকে ছেড়ে দেওয়া হয়।জানা গেছে, গমবাহী ওই জাহাজের নাম এমভি নিকিতি। এই জাহাজে করে খাদ্য বিভাগের জন্য ১৩ হাজার ৮০০ মেট্রিক টন গম আমদানি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জাহাজটি বহির্নোঙর থেকে জেটিতে চালিয়ে আনেন বন্দর কর্তৃপক্ষের ডকমাস্টার ক্যাপ্টেন ফরিদুল আলম। এ জন্য কর্তৃপক্ষ ক্যাপ্টেন ফরিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান।বন্দর সূত্র জানায়, এমভি নিকিতি জেটিতে ভেড়ার দিন বন্দর চ্যানেলের সর্বোচ্চ গ্রহণযোগ্য ড্রাফট (জাহাজের যতটা অংশ পানির নিচে ডুবে থাকে) ছিল ৮ দশমিক ৭ মিটার। জাহাজভর্তি গম থাকায় এমভি নিকিতির সত্যিকার ড্রাফট ছিল ৯ দশমিক ২ মিটার। অর্থাৎ প্রায় আধা মিটার বা দেড় ফুট বেশি ড্রাফট নিয়ে জাহাজটি ঝুঁকিপূর্ণভাবে জেটিতে আসে।