ওভারটাইম নিয়ে ঢাকা ওয়াসার প্রতিবাদ ও প্রতিবেদকের জবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২২ আগস্ট প্রথম আলোয় প্রকাশিত ‘ঢাকা ওয়াসার বেতনের দ্বিগুণ ওভারটাইম’ শিরোনামের প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে ঢাকা ওয়াসা। ৫ সেপ্টেম্বর ঢাকা ওয়াসার উপপ্রধান জনসংযোগ কর্মকর্তার পাঠানো প্রতিবাদপত্রে বলা হয়েছে, পানি সরবরাহ নিয়ে আলোচ্য প্রতিবেদনটি সঠিক নয়। প্রকৃত তথ্য হচ্ছে, গত অর্থবছরে (১ জুলাই ২০১৫ থেকে ৩০ জুন ২০১৬) ৩ হাজার ৪০০ কর্মচারীর মূল বেতন ছিল ৬৩ কোটি ৫৩ লাখ ৬৫ হাজার ৯৪৫ টাকা। আর ওভারটাইম বাবদ ছিল ৫৫ কোটি ৯৩ লাখ ২ হাজার ৪৬৪ টাকা। সংবাদটিতে হিসাবসংক্রান্ত বিষয় জড়িত থাকায় সঠিক তথ্য দিয়ে প্রতিবাদলিপিটি পাঠাতে কিছুটা বিলম্ব হলো।
প্রতিবেদকের জবাব: উপযুক্ত প্রমাণসহ প্রকাশিত প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। ঢাকা ওয়াসা প্রতিবাদপত্রে ওভারটাইমের হিসাব দেখিয়েছে পুরোনো বেতনস্কেল অনুযায়ী। মূল বেতন দেখানো হয়েছে নতুন পে-স্কেলের বকেয়াসহ। এর সঙ্গে নতুন করে যুক্ত করা হয়েছে আনসার, প্রহরী, পরিচ্ছন্নতাকর্মীসহ অস্থায়ী ও দৈনন্দিন ভিত্তিক কর্মচারীদের বেতনের হিসাব। এর ফলে ওভারটাইম কম মনে হচ্ছে। ঢাকা ওয়াসা ২০১৪-১৫ অর্থবছরের যে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে তাতে মূল বেতন ৪০ কোটি ৬৩ লাখ এবং ওভারটাইম ৫৭ কোটি ৩৯ লাখ টাকা উল্লেখ আছে। প্রতিবাদপত্রে শুধু কর্মচারীদের মূল বেতন ৬৩ কোটি ৫৩ লাখ ৬৫ হাজার ৯৪৫ টাকা দেখানো হয়। যদিও এর মধ্যে কর্মকর্তাদের বেতন অন্তর্ভুক্ত। তবে নিয়মানুযায়ী কর্মকর্তারা ওভারটাইম পান না।