ঢাকার ধামরাইয়ের বাথুলিতে ঢাকা-আরিচা মহাসড়কে গতকাল শুক্রবার দুপুরে একটি বাস অন্য একটি বাসকে ওভারটেক করতে গেলে একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই বাস ও পিকআপ রাস্তার পাশে খাদে পড়ে যায়।এ ঘটনায় দুজন নিহত ও ২০ জন আহত হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি আটক করেছে। তবে এর চালকেরা পালিয়ে গেছেন।ধামরাই থানার পুলিশ জানায়, ঢাকা থেকে বেনাপোল যাওয়ার পথে ঈগল পরিবহনের একটি বাস গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি বাসস্ট্যান্ডের অদূরে সরকার স্টিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপসহ বাসটি নিয়ে সড়কের পাশে খাদের পানিতে গিয়ে পড়ে। ওই ঘটনায় বাসের অন্তত ৩২ জন যাত্রী আহত হয়। তাদের মধ্যে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাভারের গণস্বাস্থ্য হাসপাতালে একজন নারীসহ দুজন মারা যায়। তাদের পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা বলেন, বাসটি অপর একটি বাসকে ওভারটেক করতে গেলে পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বিকট শব্দে দুটি যানবাহনই সড়কের পাশে খাদের পানিতে গিয়ে পড়ে। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতরে আটকে পড়াদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দেন।ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) শেখ সেকান্দার আলী দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।