ওভারব্রিজ তো খেয়াল করি না...
যানবাহন আর মানুষের প্রচণ্ড ভিড়। ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন চারজন ট্রাফিক পুলিশ সদস্য। তাঁদের হাতের ইশারায় প্রাইভেট কার, বাস-ট্রাকগুলো থামলেও নিয়মের তোয়াক্কা করেন না পথচারীরা। সুযোগ খুঁজেই ছুটে সড়ক পার হয়ে যান তাঁরা। অথচ মাথার ওপর বিশাল পদচারী–সেতুটি প্রায় ফাঁকা। রাজধানীর বাংলামোটর মোড়ে আজ বুধবার দুপুর ১২টার দৃশ্য এটা। তবে সড়ক পারাপারের এ দৃশ্য ব্যস্ত মোড়টিতে থাকে সব সময়।
পথচারীদের এভাবে পারাপার বন্ধে দুপুর সাড়ে ১২টার দিকে কাজ শুরু করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের নেতৃত্বে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। ১৫ থেকে ২০ জন পুলিশ সদস্য পথচারী সড়কের ওপর দিয়ে পারাপার ঠেকাতে হিমশিম খাচ্ছিলেন। কিন্তু মিনিট পাঁচেকের মধ্যে ধরা পড়েন ১০ জন পথচারী। সড়কের মাঝামাঝি জায়গা থেকে তাঁদের আনা হয় পূর্ব প্রান্তে নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের কাছে। আনার পথে অনেক পথচারী তর্কে জড়িয়ে পড়েন, কেউবা হাসিমুখে চলে আসেন ভ্রাম্যমাণ আদালতের কাছে।
ম্যাজিস্ট্রেট মশিউর রহমান লাইনে দাঁড়ানোর নির্দেশ দিলে কারণ জিজ্ঞেস করেন পথচারীরা। এভাবে পারাপার আইনত দণ্ডনীয় অপরাধ ও জরিমানা দেওয়ার কথা জানানো হলে তাঁরা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। জয়ন্ত কুমার নামের এক পথচারীকে জরিমানা করা হয় ১০০ টাকা। জরিমানার রসিদ হাতে নেওয়ার সময় তিনি প্রথম আলোকে বলেন, ‘এ রকম পরিস্থিতির মুখোমুখি হইনি। এভাবে রাস্তা পার হওয়া ঠিক নয়। তবে অভ্যাস হয়ে গেছে।’
কেন এভাবে রাস্তা পার হলেন? জানতে চাইলে জয়ন্ত কুমার বলেন, ‘আমি মতিঝিল যাব। দ্রুত যেতে হবে। তাই বাস ধরার জন্য ওভারব্রিজে না উঠে রাস্তা পার হয়েছি।’
বাংলামোটর মোড়ের পশ্চিম প্রান্ত দিয়ে পার হওয়ার সময় ধরা পড়েন তৌহিদুল ইসলাম ও সাইফুল ইসলাম। দুজনের হাতে ছিল একটি করে ব্যাগ। ১০০ টাকা করে মোট ২০০ টাকা জরিমানা দিয়ে তাঁরা ভুল স্বীকার করেন। অনুশোচনার সুরে তৌহিদুল ইসলাম বলেন, ‘হাতে ভারী জিনিস ছিল। টেনশনে রাস্তা দিয়ে পার হয়েছি।’
টেনশনে পার হওয়া ঝুঁকিপূর্ণ জানানো হলে পাশে থাকা সাইফুল ইসলাম বলেন, ‘ঢাকায় অনেক দিন ধরে আছি। কিন্তু ওভারব্রিজ তো খেয়াল করি না। ভুল হয়েছে। আর এভাবে পার হব না।’
ভ্রাম্যমাণ আদালতের দেড় ঘণ্টার অভিযানে ১৭ জনকে জরিমানা করা হয়। আদায় করা হয় ১ হাজার ৭০০ টাকা। তবে আটক হয়েছিলেন প্রায় অর্ধশত পথচারী। যাঁদের অধিকাংশই বয়সে তরুণ। তাঁদের মধ্যে কেউ শিক্ষার্থী, কেউবা চাকরিজীবী বা ব্যবসায়ী। আটকের পর অনেকে টাকা নেই বলে জরিমানা না দেওয়ার অজুহাত দেখাতে থাকেন। বেশ কয়েকজন অনুনয়-বিনয় করে ছাড়িয়ে নেন নিজেদের।
তবে জরিমানা নয়; পদচারী–সেতু, জেব্রা ক্রসিং ব্যবহারে পারাপারে উদ্বুদ্ধ করতেই ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, এভাবে রাস্তা পারাপারে দুর্ঘটনা ঘটে থাকে। পথচারীদের প্রাণহানি-অঙ্গহানিও হয়। পথচারীদের সচেতন করতে ঢাকা মহানগরীর বিভিন্ন সড়কে প্রতি মাসে এ ধরনের ১২টি অভিযান চালানো হয়।