দেশের বৃহত্তম রেলস্টেশন পার্বতীপুরের একমাত্র ওভারব্রিজটি দীর্ঘ সাত মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। ফলে প্রতিদিন কয়েক হাজার রেলযাত্রী ও শহরবাসী জীবনের ঝুঁকি নিয়ে রেললাইনের ওপর দিয়ে স্টেশন পারাপার হচ্ছেন।
পার্বতীপুরে রেলের নির্মাণ বিভাগের পরিদর্শক (কর্ম) তহিদুল ইসলাম বলেন, নির্মাণসামগ্রীর নিরাপত্তা নিশ্চিত করতে ওভারব্রিজটি বন্ধ রাখা হয়েছে। দরপত্র অনুযায়ী এপ্রিল মাসের মধ্যে রেলস্টেশনের সংস্কারকাজ শেষ হওয়ার কথা। কিন্তু বিভিন্ন কারণে নির্মাণকাজ ব্যাহত হওয়ায় আরও কিছুদিন সময় লাগতে পারে। এর পরই ওভারব্রিজটি চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
রেলওয়ে সূত্র জানায়, ১৮৭৯ সালে প্রতিষ্ঠিত পাঁচ প্ল্যাটফর্মবিশিষ্ট পার্বতীপুর রেলস্টেশন চলাচলকারী ট্রেন সংখ্যার বিচারে দেশের বৃহত্তম রেলওয়ে জংশন। এখান থেকে চারটি পথে ব্রডগেজ ও মিটারগেজ রেলপথে আন্তনগর, মেইল ও লোকাল ট্রেন মিলে প্রতিদিন ৩৬টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে। প্রতিদিন এখান থেকে প্রায় ২০-৩০ হাজার যাত্রী বিভিন্ন পথে যাতায়াত করেন। এ ছাড়া প্রায় ৫০ হাজার জনসংখ্যা অধ্যুষিত পার্বতীপুর শহর রেলপথ দ্বারা দুই ভাগে বিভক্ত। শহরের নতুন বাজার ও পুরাতন বাজার এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন এই ওভারব্রিজের ওপর দিয়ে চলাচল করেন।
গত বছরের ১৫ আগস্ট থেকে শত বছরের পুরোনো পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশনের সংস্কারকাজ শুরু হয়। ওই সময় রাজশাহীর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হোসেন এন্টারপ্রাইজ নির্মাণসামগ্রী রাখার সুবিধার জন্য ওভারব্রিজের ওপর দিয়ে চলাচলের পথটি বন্ধ করে দেয়।
পার্বতীপুর পৌরসভার মেয়র এ জেড এম মেনহাজুল হক বলেন, শুধু ট্রেন যাত্রী নয়, পৌরবাসীর অবাধ চলাচলের জন্য অবিলম্বে ওভারব্রিজটি খুলে দেওয়া উচিত।