ওভারলোড সত্ত্বেও নতুন সংযোগ প্রদান অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় নয় মাসে এক হাজার ৭৪২টি নতুন মিটারে পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। অথচ ওই এলাকার পানপাড়া বিদ্যুৎ উপকেন্দ্র ও চারটি ফিডার ওভারলোড রয়েছে। ওভারলোড থাকলে বিদ্যুতের নতুন সংযোগ বন্ধ রাখার নির্দেশনা রয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি)।
রামগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয়ে সাঁটানো কয়েকটি কাগজে লেখা রয়েছে, ‘উপকেন্দ্র ও বিদ্যুৎ বিতরণ লাইন তথা সিস্টেম ওভারলোডেড থাকায় নতুন সংযোগ বন্ধ আছে।’ অথচ গত সোমবারও নতুন সংযোগের জন্য লক্ষ্মীপুর কার্যালয়ে কয়েকটি ফাইল পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের মহাব্যবস্থাপক (জিএম) শিবু লাল বসু বলেন, উপকেন্দ্র ও ফিডার ওভারলোডেড থাকলে নতুন সংযোগ না দেওয়ার জন্য আরইবির নির্দেশনা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রামগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) বেলায়েত হোসেন যোগদান করেন। এর পর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত রামগঞ্জে এক হাজার ৭৪২টি নতুন মিটারে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়। প্রতিটি মিটারের জন্য দালালের মাধ্যমে পাঁচ থেকে দশ হাজার টাকা লেনদেনের অভিযোগ রয়েছে।
তবে বেলায়েত হোসেন বলেন, রাজনৈতিক নেতাদের সুপারিশে নতুন মিটার ও সংযোগ দেওয়া হয়েছে। গ্রাহকদের আবেদনগুলো অনেক আগের ছিল। এ জন্য তাঁদের সংযোগগুলো দিয়ে দেওয়া হয়। তা ছাড়া রামগঞ্জের বিদ্যুৎ উপকেন্দ্রটি চালু হয়ে গেলে ওভারলোড থাকবে না।
পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্রে জানা গেছে, এক বছর আগে রামগঞ্জে বিদ্যুতের চাহিদা ছিল প্রায় সাড়ে ৯ থেকে ১০ মেগাওয়াট। এখন তা বেড়ে প্রায় ১১-১২ মেগাওয়াট। বর্তমানে ৪৩ হাজার ১১২ জন গ্রাহক আছেন। গত নয় মাসে (ফেব্রয়ারি থেকে ২৬ অক্টোবর পর্যন্ত) এক হাজার ৭৪২টি নতুন সংযোগ দেওয়া হয়। চলতি অক্টোবর মাসে ২৪২টি নতুন সংযোগ দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ে এজিএম (সদস্য সেবা) গোলাম সারওয়ার মোর্শেদ বলেন, উপকেন্দ্র ও ফিডার ওভারলোডেড থাকা অবস্থায় সংযোগ বাড়লে দুর্ঘটনার ঝুঁকি অনেক বেড়ে যায়।