ওমর ফারুক ১০ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমদানিনিষিদ্ধ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এক টন ঘনচিনি জব্দের ঘটনায় গ্রেপ্তার আমদানিকারক ওমর ফারুককে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলম শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। পরে আসামিকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, বন্দর থানায় করা মামলায় ওমর ফারুককে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বন্দর থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার সিনহা। শুনানি শেষে আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সম্প্রতি একটি ব্যাংকে এলসি খুলে কাগজে-কলমে সোডিয়াম সাইট্রেট নাম ব্যবহার করে চীন থেকে এক টন পণ্য আমদানি করেন ওমর ফারুক। গত রোববার চট্টগ্রাম শুল্ক ভবনের গবেষণাগারে রাসায়নিক পরীক্ষা করে দেখা যায়, আমদানি করা এক টন পণ্য সোডিয়াম সাইট্রেট নয়, এগুলো সোডিয়াম সাইক্লামেট অর্থাৎ ঘনচিনি। পরে গত সোমবার বিকেলে ঢাকার বাবুবাজার এলাকা থেকে ওমর ফারুককে আটক করেন শুল্ক গোয়েন্দারা।