ওমরাহ করতে আজ সৌদি আরব যাচ্ছেন তারেক রহমান
ওমরাহ পালন করার জন্য সৌদি আরব যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। তিনি সপরিবারে আজ সোমবার যুক্তরাজ্য থেকে সৌদি আরবে যাবেন বলে বিএনপির সূত্রে জানা গেছে।বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ওমরাহ পালন করতে চারদলীয় জোট সরকারের আমলে হাওয়া ভবনকেন্দ্রিক বিতর্কিত ব্যক্তিরাও বিভিন্ন দেশ থেকে সৌদি আরবের পথে রয়েছেন বলে সূত্রগুলো জানিয়েছে। তাঁদের মধ্যে আছেন তৎকালীন হাওয়া ভবনের মুখপাত্র আশিক ইসলাম, তারেকের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা মিয়া নুরুদ্দীন, হাওয়া ভবনের কর্মকর্তা আখতার আহমেদ বেলায়েত, সাজ্জাদুল সিরাজ তালুকদার, চিকিৎসক আমান প্রমুখ। সাবেক কয়েকজন সাংসদও সেখানে একত্র হচ্ছেন বলে জানা গেছে।তারেক রহমানের ঘনিষ্ঠ একটি সূত্র প্রথম আলোকে জানায়, তিনি সৌদি আরবে ছয় দিন থাকবেন। এর মধ্যে ১ থেকে ৩ এপ্রিল মদিনায় অবস্থান করবেন। সেখানে তিনি মসজিদে নববিতে ইবাদত করে কাটাবেন। এরপর ৪ থেকে ৬ এপ্রিল পর্যন্ত মক্কায় পবিত্র কাবা শরিফে ইবাদত করে সময় পার করবেন। ৭ এপ্রিল তিনি লন্ডনের উদ্দেশে সৌদি আরব ত্যাগ করবেন। স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জায়মা রহমানও তাঁর সঙ্গে থাকবেন।ওই সূত্রটি জানায়, ওমরাহ করার বাইরে সৌদি আরবে তারেকের আর কোনো কর্মসূচি নেই। তারেকের সৌদি আরব সফর নিয়ে গতকাল রোববার বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্যের সঙ্গে কথা হয়েছে। তাঁদের কেউ বলেছেন, এ ব্যাপারে কিছু জানেন না। আবার কেউ বলেছেন, বিষয়টি তাঁরা শুনেছেন। তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তাঁরা।