ওমরাহ পালনে সৌদি গেলেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গতকাল শনিবার সন্ধ্যায় সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন। হজরত শাহজালাল বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন।

বিএনপির চেয়ারপারসনের প্রেস শাখার কর্মকর্তা শামসুদ্দীন দিদার জানান, সৌদি সরকারের রাজকীয় মেহমান হিসেবে খালেদা জিয়া ওমরাহ পালন করবেন। আগামী ৬ আগস্ট তাঁর দেশের ফেরার কথা রয়েছে। প্রতিবছর রোজার ঈদের আগে খালেদা জিয়া ওমরাহ পালন করেন।

সৌদি আরবে পৌঁছে খালেদা জিয়া মদিনার হিলটন হোটেলে থাকবেন। সেখান থেকে ৩১ জুলাই মক্কায় আসবেন। মক্কায় ওমরাহ পালন শেষে তিনি দেশে ফিরবেন।

খালেদা জিয়ার সফরসঙ্গীদের মধ্যে আছেন তাঁর ভাই শামীম এস্কান্দার, ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, একান্ত সচিব এ এস এম সালেহ আহমেদ, খালেদা জিয়ার সৌদি আরববিষয়ক বিশেষ দূত এনামুল হক চৌধুরী, ব্যক্তিগত আলোকচিত্রী নুরুদ্দীন আহমেদ।

খালেদা জিয়াকে গতকাল হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মান্নান, শাহজাহান ওমর, যুগ্ম মহাসচিব বরকতউল্লাসহ দলের ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।