ওমরাহ পালনের জন্য আজ সৌদি আরব যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে আজ সোমবার সৌদি আরব যাচ্ছেন। সৌদি বাদশার আমন্ত্রণে তিনি এই ওমরাহ পালন করবেন।বিএনপির চেয়ারপারসন রাজকীয় মেহমান হিসেবে পবিত্র ওমরাহ পালন করবেন। আজ সোমবার বিকেল সোয়া চারটায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে জেদ্দার উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করবেন। তাঁর সঙ্গে নয় সদস্যের একটি প্রতিনিধিদলও যাচ্ছে। এ ছাড়া চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু আগে থেকেই সৌদি আরবে অবস্থান করছেন। তিনিও ওমরাহ পালন করবেন। আগামী ৯ সেপ্টেম্বর খালেদা জিয়া দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।খালেদা জিয়া রিয়াদে পৌঁছে প্রথমেই মদিনায় যাবেন হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করতে। এরপর মক্কায় যাবেন। বিএনপির চেয়ারপারসনের সফরসঙ্গীদের মধ্যে আছেন তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলী রহমান, কোকোর মেয়ে জাহিয়া রহমান, দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, প্রেস সচিব মারুফ কামাল খান, ব্যক্তিগত সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, একান্ত সচিব সালেহ আহমেদ, ছোট ভাই সাইদ এসকান্দার প্রমুখ।