ওমরাহ ভিসা আবার মিলবে, আশ্বাস সৌদির

আসন্ন হজ মৌসুম শেষে বাংলাদেশের নাগরিকদের ওমরাহ ভিসা দেওয়া শুরুর আশ্বাস দিয়েছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজার বিন ওবায়েদ মাদানি গতকাল সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমকে এ আশ্বাস দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। তিন দিনের সফরে শাহরিয়ার আলম গত রোববার থেকে সৌদি আরবে আছেন।
ওমরাহ ভিসার অপব্যবহারের অভিযোগ ওঠার পর সৌদি আরব গত ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের লোকজনকে ওমরাহ ভিসা দেওয়া বন্ধ রেখেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের লোকজনের জন্য ইকামা (বৈধ অবস্থানের স্বীকৃতি) পরিবর্তন পুনরায় চালু করা ও পেশা পরিবর্তনের সুযোগ করে দেওয়ায় শাহরিয়ার আলম সৌদি সরকারকে ধন্যবাদ জানান। বাংলাদেশের হজযাত্রীদের জন্য ওমরাহ ভিসা দেওয়ার জন্য তিনি সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। এ সময় নিজার বিন ওবায়েদ মাদানি জানান, গৃহকর্মী হিসেবে বাংলাদেশের নারীদের সৌদি আরবে নিয়োগের প্রক্রিয়া এর মধ্যেই শুরু হয়েছে এবং অন্যান্য শিল্পে বাংলাদেশের শ্রমিক নিয়োগ ধাপে ধাপে শুরু হবে। সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এবারের হজ মৌসুম শেষে বাংলাদেশের লোকজনকে ওমরাহ ভিসা দেওয়া শুরু হবে।
বিজ্ঞপ্তিতে বলা আরও বলা হয়েছে, বাংলাদেশ ও সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রীরা দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সম্পর্ককে এগিয়ে নিতে পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠকের জন্য একটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তাব দেন।
এ সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী নিজার বিন ওবায়েদ মাদানি বলেন, সৌদি সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক আয়োজনের জন্য সমঝোতা স্মারক সই করতে সৌদি আরব তৈরি আছে।