ওমরাহ ভিসা চালু হয়নি এখনো
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আপত্তির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য ওমরাহ ভিসা এখনো চালু হয়নি। ওমরাহ ভিসায় মানব পাচারের অভিযোগে সৌদি হজ এজেন্সির বিরুদ্ধে সে দেশের হজ মন্ত্রণালয় শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় এ আপত্তি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। এর জেরে বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা উন্মুক্ত ঘোষণা করার প্রায় দুই মাস পরও তা বাস্তবায়িত হচ্ছে
না। ফলে বাংলাদেশিরা ওমরাহ পালন থেকে বঞ্চিত হচ্ছেন।
ধর্ম মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ওমরাহ ভিসায় মানব পাচারের অভিযোগ ওঠায় গত বছরের মার্চে বাংলাদেশের নাগরিকদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করে দেয় সৌদি আরব। এরপর অভিযুক্ত বেশ কিছু হজ এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় বাংলাদেশ। কিন্তু সৌদি আরবের এজেন্সির বিরুদ্ধে অভিযোগের এখনো নিষ্পত্তি না হওয়ায় ওমরাহ ভিসা চালু হচ্ছে না।
জানতে চাইলে ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুল জলিল গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘গত ১৪ ডিসেম্বর সৌদি আরব আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নাগরিকদের জন্য ওমরাহ ভিসার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানায়। সৌদি আরবের পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও হজ মন্ত্রণালয় ওমরাহ ও হজ ভিসার প্রক্রিয়াটি তত্ত্বাবধান করে। সৌদি আরবের পররাষ্ট্র ও হজ মন্ত্রণালয় এ সিদ্ধান্ত বাস্তবায়নে সম্মতি দিলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে ছাড়পত্র দেয়নি। এ বিষয়টি সুরাহা করে দ্রুত ওমরাহ ভিসা চালুর জন্য সৌদি সরকারকে অনুরোধ জানিয়েছি।’
ওমরাহ পালনের জন্য ভিসা নিয়ে সৌদি আরব যাওয়া কয়েক হাজার বাংলাদেশি ফিরে আসেননি—এ অভিযোগে গত ২২ মার্চ থেকে সৌদি সরকার বাংলাদেশিদের ওমরাহ ভিসা পুরোপুরি বন্ধ করে দেয়।
হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণত ওমরাহ পালন করতে গিয়ে একটি দেশের মোট ১ থেকে ২ শতাংশ ব্যক্তি দেশে না ফিরলে সেটি সৌদি কর্তৃপক্ষ ক্ষমার চোখে দেখে। গত ডিসেম্বর থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশ থেকে ৪০-৪৫ হাজার নাগরিক ওমরাহ পালন করতে সৌদি আরব গেছেন। প্রাথমিকভাবে সৌদি আরব অভিযোগ করেছিল, ওমরাহ ভিসার মেয়াদ শেষে প্রায় সাড়ে ছয় হাজার বাংলাদেশি সেখানে রয়ে গেছেন। পরে দেখা গেছে, সংখ্যাটি তিন হাজারের মতো। প্রাথমিকভাবে বাংলাদেশের ২০০-এরও বেশি হজ এজেন্সির বিরুদ্ধে অভিযোগ এনেছিল সৌদি আরব। তবে পরে যাচাই-বাছাইয়ে এই সংখ্যা ১০৪টিতে নেমে আসে। সে অনুযায়ী অভিযুক্ত এজেন্সিগুলোর বিষয়ে শুনানি করে ব্যবস্থা নেওয়া হয়।
সৌদি আরবের কূটনৈতিক সূত্র বলেছে, সাধারণত বাংলাদেশের এজেন্সিগুলো সৌদি আরবের এজেন্সির সহায়তায় বাংলাদেশিদের ওমরাহ পালনের ব্যবস্থা করে। মানব পাচারের অভিযোগে বাংলাদেশের এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলেও সে দেশের এজেন্সির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি সৌদি হজ মন্ত্রণালয়। এ নিয়ে দেশটির হজ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে টানাপোড়েন ছিল। গত
শুক্রবার সৌদি হজ মন্ত্রণালয় সে দেশের অভিযুক্ত হজ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে এ বিষয়টি সুরাহার আভাস পাওয়া যাচ্ছে।
জানতে চাইলে হাব-এর সাধারণ সম্পাদক শেখ আবদুল্লাহ গতকাল প্রথম আলোকে বলেন, গত ডিসেম্বরে বাংলাদেশের নাগরিকদের ওপর থেকে ওমরাহ ভিসার নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর এজেন্সিগুলো আবেদন নেওয়া শুরু করে। এ ব্যাপারে বাংলাদেশের জন্য পাসওয়ার্ড দেওয়া হয়। পরে জানা গেছে, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপত্তি জানানোয় লক কোড চালু হয়নি। বিষয়টি সুরাহার জন্য হাবের সভাপতি ইকবাল বাহারের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল আগামীকাল মঙ্গলবার সৌদি আরব যাচ্ছে।