ওমা, ইবা কী রইম্যা কুইর?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার-টেকনাফ সড়কে ইয়াবা চালান ধরতে ডগ স্কোয়াড নামানো হয়েছে। ছবিটি মরিচ্যা চেকপোস্ট এলাকা থেকে গতকাল সকালে তোলা l প্রথম আলো
কক্সবাজার-টেকনাফ সড়কে ইয়াবা চালান ধরতে ডগ স্কোয়াড নামানো হয়েছে। ছবিটি মরিচ্যা চেকপোস্ট এলাকা থেকে গতকাল সকালে তোলা l প্রথম আলো

গাড়িতে উঠেই যাত্রীদের একনজর দেখে নেয়। তারপর আস্তে আস্তে সামনে অগ্রসর হয়। প্রথমে এক পুরুষ যাত্রীকে সন্দেহ করল। সিটের নিচে মাথা ঢুকিয়ে দেখা হলো, তারপর নাক শুঁকে নেওয়া হলো গন্ধও। সম্ভবত কিছু নেই।
এরপর আরেকটু পেছনে গিয়ে এক মহিলাযাত্রীর পাশে দাঁড়াল। মহিলার চোখ তখন কপালে। সম্ভবত ভয় পাচ্ছিলেন। তারপর সিটের নিচে মাথা ঢুকিয়ে দিতেই মহিলার চিৎকার—‘ওমা, ইবা কী রইম্যা কুইর’। অর্থাৎ ‘মাগো, এটা আবার কোন ধরনের কুকুর’।
গতকাল শুক্রবার বেলা ১১টায় ‘কক্সবাজার-টেকনাফ’ মহাসড়কের মরিচ্যা চেকপোস্টের ঘটনা এটি। সকাল আটটা থেকে এই চেকপোস্টে নামানো হয় ইয়াবাসহ মাদকের ওপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সাদা রঙের দুটি কুকুর। যাকে বলা হয় ‘ডগ-স্কোয়াড’। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা কুকুরগুলো নিয়ন্ত্রণ করছেন।
কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ইমরান উল্লাহ সরকার প্রথম আলোকে বলেন, গতকাল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টেকনাফ থেকে কক্সবাজারগামী অর্ধশতাধিক বাস, মাইক্রো, অটোরিকশা, ব্যাটারিচালিত ইজি বাইকে ডগ-স্কোয়াড দিয়ে ইয়াবাবিরোধী তল্লাশি চালানো হয়। কিন্তু কারও কাছে ইয়াবা পাওয়া যায়নি। সম্ভবত ডগ-স্কোয়াড নামার খবরে পাচারকারীরা সতর্ক হয়ে গেছে।
দেখা গেছে, চেকপোস্টে গাড়ি এসে থামলে বিজিবি সদস্যরা কুকুর দুটি নিয়ে কাছে যান। এ সময় একটি কুকুর গাড়ির নিচে এবং আরেকটি ওপরে উঠে এদিক- সেদিক গন্ধ শুঁকে দেখে। কোনো যাত্রীর প্রতি সন্দেহ হলে পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে। তখন বিজিবি সদস্যরা ওই যাত্রীকে তল্লাশি শুরু করেন। গাড়ির ওপর ভয়ংকর কুকুরের দৌড়ঝাঁপ দেখে যাত্রীরা ভয় পাচ্ছেন।
এ প্রসঙ্গে মেজর ইমরান বলেন, কুকুর ওঠার আগে বিজিবি সদস্যরা গাড়িতে উঠে যাত্রীদের ভয় না পাওয়ার জন্য বলে দিচ্ছেন। তাছাড়া কুকুরের গলায় রশি বাঁধা থাকে।
টেকনাফের পল্লানপাড়ার ব্যবসায়ী নাজির হোসেন (৪৫) বলেন, গাড়িতে বড় বড় দুটি কুকুর উঠতে দেখে প্রথমে ভয় পেয়েছিলাম। মহিলা যাত্রীরা ভয়ে চিৎকার দিচ্ছেন। এ রকম কুকুরের সংখ্যা আরও বাড়ানো গেলে ইয়াবা ব্যবসা বন্ধ হয়ে যেত। বিজিবি সূত্র জানায়, মিয়ানমার থেকে চোরাইপথে আনা ইয়াবা এত দিন নারী- পুরুষ-শিশুর শরীরে, গাড়ির বিভিন্ন জায়গায়, ট্রাকভর্তি মালের ভেতরে, পেঁপে, কুমড়া, কাঁঠাল কিংবা জীবিত হাঁস-মুরগি ও গরু-ছাগলের পেটে লুকিয়ে পাচার করা হতো। এখন সেই সুযোগ নেই। ইয়াবা যেখানেই থাকুক, ডগ স্কোয়াড গন্ধ শুঁকে তা ধরিয়ে দেবে।
১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম বলেন, গত বৃহস্পতিবার প্রশিক্ষিত কুকুর দুটি কক্সবাজার বিজিবি ব্যাটালিয়নে আনা হয়েছে। কুকুরগুলোকে ‘কক্সবাজার-টেকনাফ’ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে রাখা হয়েছে। সহসা আরও চারটি প্রশিক্ষিত কুকুর আনা হবে। তখন ওই কুকুরগুলো সমুদ্র উপকূলের ‘কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের’ রেজুরখালে স্থাপিত ফাঁড়িতে রাখা হবে। এই দুটি সড়ক দিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা চালান যায়।