ওমান থেকে ফিরে এসেছেন ৬৮ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যপ্রাচ্যের ওমান থেকে গতকাল শুক্রবার দেশে ফিরে এসেছেন ৬৮ জন বাংলাদেশি কর্মী। অবৈধভাবে থাকার কারণে কয়েক মাস কারাভোগের পর তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। তবে কেউ কেউ দাবি করেছেন, তাঁরা বৈধ থাকলেও মালিকের স্বেচ্ছাচারিতা বা গাফিলতিতে ফিরতে বাধ্য হয়েছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে গতকাল সকাল নয়টায় ওই বাংলাদেশিরা শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরে এসে পৌঁছান। ফেরত আসা প্রবাসীরা জানিয়েছেন, এক শর বেশি বাংলাদেশি ফেরত এসেছেন। তবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কের সহকারী পরিচালক জাহিদুল ইসলাম বলেন, এ সময় ফিরে আসা বাংলাদেশির সংখ্যা ৬৮। তিনি বলেন, চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও দেশটিতে থেকে যাওয়ায় পুলিশ ওই বাংলাদেশি কর্মীদের গ্রেপ্তার করে।
ফেরত আসা ময়মনসিংহের খলিল রহমান বলেন, ২০০৮ সালে তিনি ওমানে গিয়ে চার বছর বৈধভাবে কাজ করেন। এরপর কাজের অনুমতিপত্র (ওয়ার্ক পারমিট) নবায়ন করতে না পেরে দুই বছর ধরে অবৈধভাবে কাজ করছিলেন। তিন মাস আগে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। সেখান থেকে দেশে পাঠিয়ে দেওয়া হলো।
কেউ কেউ অভিযোগ করেছেন, মালিকের গাফিলতি বা অন্যায়ের কারণে তাঁদের ফেরত আসতে হয়েছে। কিশোরগঞ্জের সোহরাব হোসেন বলেন, ২০১২ সালে গাড়িচালক হিসেবে ওমান গেলেও পরে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতে বাধ্য হন। বৈধভাবে কাজ করলেও মালিক তাঁকে চাকরিচ্যুত করেন।
ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ ইলিয়াছ অভিযোগ করেন, মালিক তাঁকে বেতন দিচ্ছিলেন না। বকেয়া টাকা চাওয়ায় তাঁকে পিটিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে।
৬৮ জন বাংলাদেশির ফেরত আসা সম্পর্কে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এটি একটি নিয়মিত ঘটনা। অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে ওমানের সরকার নিয়মিতই অভিযান চালায়। প্রবাসীকল্যাণ সচিব খোন্দকার শওকত হোসেন বলেন, ওমানের শ্রমবাজার এখন খুবই ভালো। বছরে এক লাখের বেশি কর্মী এখন ওমানে যাচ্ছেন। সেখানে বাংলাদেশিরা সমস্যায় আছেন এমন কোনো খবর নেই, বরং দেশটি বাংলাদেশ থেকে আরও কর্মী নেবে।
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো পুরোনো শ্রমবাজারে সংকটের প্রেক্ষাপটে গত কয়েক বছরে বাংলাদেশের জনশক্তির অন্যতম প্রধান বাজার হয়ে উঠেছে ওমান। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, ২০১১ থেকে ২০১৪ সালের জুন পর্যন্ত সময়ে চার লাখ ৯৩ হাজার ৯০৩ জন কর্মী সে দেশে গেছেন।
বিএমইটির হিসাব অনুযায়ী, আগে বছরে কয়েক হাজার লোক গেলেও ২০১১ সালে প্রথমবারের মতো ওমানে জনশক্তি রপ্তানি লাখ ছাড়ায়। ২০১১ সালে এক লাখ ৩৫ হাজার ২৬৫ জন, ২০১২ সালে এক লাখ ৭০ হাজার ৩২৬ জন, ২০১৩ সালে এক লাখ ৩৪ হাজার ২৮ জন এবং ২০১৪ সালের প্রথম ছয় মাসে ৫৪ হাজার ২৮৪ জন ওমানে গেছেন।