ওমান থেকে লাশ হয়ে ফিরলেন মিস্টার আলী
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ছাতারিয়া গ্রামের আবদুর রহমানের ছেলে মিস্টার আলী (২৮) স্বপ্ন নিয়ে যান ওমানে। কিন্তু স্বপ্ন পূরণের আগেই গতকাল বৃহস্পতিবার তিনি লাশ হয়ে ফিরলেন দেশে। গতকাল ভোরে একটি বিমানে করে তাঁর কফিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।মিস্টার আলী ২০ ফেব্রুয়ারি ওমানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে তাঁকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হলে ওই দিনই তিনি মারা যান। তাঁর পরিবার জানায়, এ বছরের ১০ জানুয়ারি ওমানে একটি ফলের বাগানে চাকরি নেন মিস্টার আলী। কিন্তু সড়ক দুর্ঘটনার কারণে ৫৬ দিন পরই তাঁকে লাশ হয়ে দেশে ফিরতে হলো। গতকাল রাতে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।মিস্টার আলীর বাবা আবদুর রহমান বলেন, ‘পুলাডা বিদেশে ভালো গেল আর লাশ হয়ে ফিরল।’ তাঁর মা মালেকা বেগম বারবার বিলাপ করে বলতে থাকেন, ‘তুমরা আমার পুলাডারে আইনা দেও।’ মিস্টার আলীর স্ত্রী ময়না বেগমের আকুতি, ‘আমার ছয় মাসের ছেলে রিয়াদকে এখন কে দেখবে? তুমরা ওর বাবাকে আইনা দাও।’