ওমানে অবৈধ হওয়ার ঝুঁকিতে দেড় লাখ বাংলাদেশি
আগামী নয় মাসের মধ্যে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) সংগ্রহ করতে হবে ওমানে অবস্থানরত বাংলাদেশিদের। তা না হলে বড় সমস্যায় পড়তে হতে পারে তাঁদের। খবর টাইমস অব ওমানের।
কয়েক বছর আগে আন্তর্জাতিক বেসামরিক বিমান পরিবহন সংস্থা (আইসিএও) সিদ্ধান্ত নিয়েছিল, সব দেশের ভ্রমণকারী ব্যক্তি ও প্রবাসীদের ২০১৫ সালের নভেম্বর মাসের মধ্যেই এমআরপি নিতে হবে। অন্যথায় তাঁরা ভ্রমণের অনুমতি পাবেন না এবং বিদেশে অবস্থান অবৈধ বলে গণ্য হবে।
ওমানের জাতীয় পরিসংখ্যান ও তথ্যকেন্দ্রের সর্বশেষ হিসাব মোতাবেক, চলতি বছরের জানুয়ারি পর্যন্ত দেশটিতে ৫ লাখ ৪৩ হাজার ৩৭৭ জন বাংলাদেশি রয়েছেন। তাঁদের মধ্যে দেড় লাখ থেকে ১ লাখ ৭০ হাজার জনেরই এমআরপি নেই। ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ সেকান্দার আলী বলেন, ‘আমরা মাসকটে বাংলাদেশ দূতাবাস থেকে অথবা যাঁরা শিগগিরই দেশে যাবেন, তখন এমআরপি সংগ্রহ করতে প্রত্যেকের প্রতি আহ্বান জানাচ্ছি।’