ওমানে আটকে পড়া ২২০ যাত্রী আজ ঢাকায় ফিরবেন
বাংলাদেশ বিমানের ভাড়ায় চালিত একটি উড়োজাহাজ কিছু না জানিয়ে ভেগে যাওয়ায় ওমানে আটকে পড়া সেই ২২০ জন যাত্রীকে আজ শুক্রবার ঢাকায় আনা হবে।বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে নিয়মিত ফ্লাইট নিয়ে একটি ডিসি-১০ উড়োজাহাজ ওমানে গেছে। ওই উড়োজাহাজে করে নিয়মিত যাত্রীদের সঙ্গে আটকে পড়া ব্যক্তিরা আজ বেলা ১১টায় ঢাকায় এসে পৌঁছাবেন।বিমান সূত্র জানায়, এর আগে গত বুধবার বেলা ১১টায় ঢাকা থেকে ৫০০ যাত্রী নিয়ে বিমানের ভাড়ায় চালিত একটি বোয়িং-৭৪৭ উড়োজাহাজ ওমানের রাজধানী মাসকাটে যায়। ওই দিনই ফিরতি ফ্লাইটে ২২০ জন যাত্রী নিয়ে উড়োজাহাজটির ঢাকায় ফেরার কথা ছিল। যাত্রীরা যথারীতি সব আনুষ্ঠানিকতা শেষ করে উড়োজাহাজে ওঠার জন্য অপেক্ষা করছিলেন। এর মধ্যে উড়োজাহাজটি জ্বালানি নিতে যায়। কিন্তু জ্বালানি ভর্তি করে সেটি আর যাত্রীদের নিতে বোর্ডিং ব্রিজে ফিরে আসেনি। কাউকে কিছু না জানিয়ে উড়োজাহাজটি ইয়েমেনের রাজধানী সানায় গিয়ে অবতরণ করে। এক বছরের জন্য ভাড়ায় আনা উড়োজাহাজটির চুক্তির মেয়াদ শেষ হবে ২০ সেপ্টেম্বর। ফ্লাইট সূচি অনুযায়ী, উড়োজাহাজটি দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে আরও ২৮ ঘণ্টা ফ্লাইট পরিচালনার কথা ছিল। কিন্তু তার আগে কেন উড়োজাহাজটি পালিয়ে গেল, এখন এ ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে গতকাল পর্যন্ত বিমান কর্তৃপক্ষ কিছু বলতে পারেনি।তবে একটি সূত্র জানিয়েছে, গত এক বছরের উড্ডয়ন ঘণ্টা নিয়ে বিমানের সঙ্গে ওই উড়োজাহাজ কর্তৃপক্ষের লেনদেনের হিসাবে গোলমাল রয়েছে। বিমানের হিসাব অনুযায়ী, উড়োজাহাজটি পাওনার বেশি অর্থ নিয়ে গেছে। তাই আরও উড্ডয়ন ঘণ্টা বিমানের পাওনা আছে।