ওমানে কুলাউড়ার যুবককে শ্বাসরোধে হত্যা
ওমানপ্রবাসী ও মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মাধবপুর গ্রামের বাসিন্দা মাছুম আহমেদকে (২০) দুর্বৃত্তরা সে দেশে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মাছুমের বাবার নাম আবদুল কাইয়ূম ওরফে সামছু মিয়া। এ ঘটনায় ওমানে একটি হত্যা মামলা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, মাছুম ২০১০ সালে ওমানে পাড়ি জমান। সেখানে ভিসার ব্যবসা করতেন। গত ২৩ ফেব্রুয়ারি রাতে ওমানের স্থানীয় পুলিশ শয়নকক্ষে গলায় ফাঁস লাগানো অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে মাছুমের লাশ ঝুলতে দেখে উদ্ধার করে।মাছুমের চাচা আবদুল জহুর ওমানপ্রবাসী আত্মীয়স্বজন ও সেখানকার পুলিশের বরাত দিয়ে গতকাল সোমবার দুপুরে মুঠোফোনে জানান, একই কক্ষে মাছুম ছাড়াও একজন পাকিস্তানি ও একজন ভারতীয় নাগরিক থাকতেন। তাঁরা তিনজনে মিলে ভিসার ব্যবসা করতেন। টাকার লেনদেন নিয়ে বিরোধের জের ধরে পাকিস্তানি ও ভারতীয় নাগরিকেরা মাছুমকে শ্বাসরোধ করে হত্যা করে নগদ প্রায় ১০ লাখ টাকা নিয়ে সটকে পড়েন। এ ঘটনায় ২৫ ফেব্রুয়ারি ওমানপ্রবাসী তাঁদের আত্মীয় ও কুলাউড়ার ভূকশিমইল গ্রামের বাসিন্দা ফিরোজ মিয়া বাদী হয়ে মামলা করেন। পরে পুলিশ পাকিস্তানি নাগরিককে আটক করে। তবে ওই ব্যক্তির নাম জানা যায়নি।আবদুল জহুর জানান, মাছুমের মরদেহ বর্তমানে ওমানের সেন্ট্রাল হাসপাতালের মর্গে রয়েছে। আগামী দু-চার দিনের মধ্যে মাছুমের মামা আবুধাবিপ্রবাসী সোনাবর আলী ওমানে গিয়ে লাশ গ্রহণ করে বাংলাদেশে নিয়ে আসার ব্যবস্থা করবেন।