ওমানে না খেয়ে বাংলাদেশি নাবিকের মৃত্যু
ওমানের জলসীমায় গত ২০ জানুয়ারি একটি নৌকা থেকে বাংলাদেশি এক নাবিকের লাশ উদ্ধার করা হয়। নৌকাটি নিখোঁজ হওয়ার পর কয়েক দিন না খেতে পেরে তিনি মারা যান। খবর টাইমস অব ওমানের।
ওমানের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নিহত বাংলাদেশির নাম বেদার মিয়া। তাঁর বাড়ি চট্টগ্রামে। লাশ দ্রুত দেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে।
ওই নৌকা থেকে শোচনীয় অবস্থায় উদ্ধার করা হয় আরও তিন বাংলাদেশি নাবিককে। হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর এখন তাঁদের পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
কাতারের জলসীমায় নৌকাটি নিখোঁজ হওয়ার পর এর মালিকের কাছ থেকে বিষয়টি জেনে ২০ জানুয়ারি আল হালানিয়াত দ্বীপের কাছ থেকে নৌকাটি উদ্ধার করে দেশটির উপকূলরক্ষী বাহিনী। মৃত একজনসহ চার নাবিককে পরে সালাহ এলাকার একটি হাসপাতালে পৌঁছে দেয় বিমানবাহিনী।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকায় পাঁচ দিন ধরে না খেয়ে ও পানি পান না করে ছিলেন ওই চারজন। এতে ১৮ জানুয়ারি একজনের মৃত্যু হয়।