ওমানে প্রবাসী ৩০ বাংলাদেশির মানবেতর জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওমানে মানবেতর জীবনযাপন করছেন ৩০ জন বাংলাদেশি। যে কোম্পানি তাঁদের নিয়ে গেছে, সেই কোম্পানি তাঁদের বেতন দিচ্ছে না। এমনকি প্রতিশ্রুতি অনুযায়ী দেশে ফেরার বিমান টিকিটও দিচ্ছে না। এ অবস্থায় তাঁরা ছোট একটি ফ্ল্যাটে গাদাগাদি করে বসবাস করছেন। খবর ইউএনবির।ওমানের পত্রিকা মাসকট ডেইলির বরাত দিয়ে ইউএনবির খবরে বলা হয়, দেশটির রাজধানী মাসকটের মাওয়ালেহ সানা এলাকায় রয়েছেন ওই বাংলাদেশি নির্মাণশ্রমিকেরা। ২০১২ সালের ডিসেম্বরে এক চুক্তির মাধ্যমে তাঁদের ওমানে নিয়ে যাওয়া হয়। সে সময় তাঁদের বলা হয়, তাঁরা দুই বছরের বেতন পাবেন। এরপর তাঁদের বিমানের টিকিট ও পাসপোর্ট দিয়ে দেশে ফেরত পাঠানো হবে।ওই শ্রমিকেরা দাবি করেন, চুক্তির শর্ত অনুযায়ী তাঁদের প্রত্যেকেরই এখন বকেয়া বেতন, বিমানের টিকিট এবং পাসপোর্ট ফেরত পাওয়ার কথা। কিন্তু এখন বেতন না দেওয়া হলেও কোম্পানির জন্য তাঁদের কাজ করতে হচ্ছে। এরই মধ্যে তাঁরা মাওয়ালেহ সানা এলাকায় দুটি আবাসন প্রকল্পের কাজ শেষ করেছেন।ওই গ্রুপের ২২ বছর বয়সী একজন কর্মী অভিযোগ করে বলেন, ‘বর্তমানে আমাদের ৩০ জনের সবাইকে একটি ফ্ল্যাটে থাকতে হচ্ছে। আমাদের মধ্যে চারজন কখনোই বসবাসের কার্ড পাননি; অপর পাঁচজনের কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে। আর অন্যদের কার্ডগুলো কোম্পানি আটকে রেখেছে। আমরা বিষয়টি মাসকটে বাংলাদেশের দূতাবাসকে জানিয়েছি।’ তিনি জানান, তাঁদের বেশির ভাগকেই মাসে ১০০ ওমানি রিয়াল বেতন দেওয়ার কথা বলে আনা হয়েছিল।এই বাংলাদেশি কর্মীদের যিনি ওমানে নিয়ে যান তিনি (তাঁর নামের আদ্যাক্ষর এ এইচ) মাসকট ডেইলিকে জানিয়েছেন, তিনি এক বছর আগে তাঁর কোম্পানি বিক্রি করে দিয়েছেন। তাই ওই শ্রমিকদের বেতন বা অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের বিষয়টি কোম্পানির নতুন মালিকের ওপরে বর্তায়। তার পরও তিনি বিষয়টি নিয়ে নতুন মালিকের সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন।