ওমানে বাংলাদেশি গৃহকর্মীরা বিমা সুবিধা পাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওমানে বাংলাদেশি গৃহকর্মীরা এখন থেকে বিমা সুবিধা পাবেন। ভারত ও ফিলিপাইনের কর্মীরা দুই বছর আগে থেকে এ সুবিধা পাচ্ছেন। শীর্ষস্থানীয় একটি বিমা কোম্পানির জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে গতকাল মঙ্গলবার ওমানের মাসকটডেইলি ডট কমের এক খবরে বলা হয়, ভারত ও ফিলিপাইনের পর ওমানে কর্মরত বাংলাদেশ ও শ্রীলঙ্কার গৃহকর্মীদের বিমা সুবিধার অন্তর্ভুক্ত করা হচ্ছে। তবে ইথিওপিয়া ও তানজানিয়ার মতো আফ্রিকার দেশগুলো এবং এশিয়ার নেপাল থেকে আসা গৃহকর্মীরা এই সুবিধা পাবেন না। ওমানের রাজধানী মাসকটে বাংলাদেশি দূতাবাসের এক কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়, চলতি বছর ঢাকা থেকে একটি প্রতিনিধিদল মাসকটে আসে। দলটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে গৃহকর্মীদের বিমার বিষয়ে আলোচনা করে। ওই আলোচনার পরিপ্রেক্ষিতে এ বছর থেকে ওমানে সব বাংলাদেশি গৃহকর্মীর বিমা বাধ্যতামূলক করা হয়েছে।ওই কর্মকর্তা জানান, কোনো গৃহকর্মী দুর্ঘটনায় পঙ্গু কিংবা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তিনি চিকিৎসা সুবিধা পাবেন। এ ছাড়া দুর্ঘটনায় নিহত হলে তাঁর মরদেহ দেশে পাঠানোসহ অন্যান্য সহযোগিতা দেওয়া হবে।