ওমানে বাংলাদেশি শ্রমিক চার মাস ধরে নিখোঁজ
ওমানে কর্মরত একজন বাংলাদেশি শ্রমিক চার মাস ধরে নিখোঁজ রয়েছেন। এতে উদ্বেগে দিন কাটাচ্ছে তাঁর পরিবারের সদস্যরা। খবর ইউএনবির।নিখোঁজ ওই শ্রমিকের নাম মোহাম্মদ ইসা (৩৫)। তাঁর বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া গ্রামে। গত ১৮ জুন ইসা ও ১৫ জন বাংলাদেশি আরব সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। এর পর থেকে তিনি নিখোঁজ। ইসার বড় ভাই মোহাম্মদ মুসা জানান, টেলিফোনে কথা বলে তিনি জানতে পেরেছেন ইসার সঙ্গে তাঁর যে বন্ধুরা মাছ ধরতে গিয়েছিলেন তাঁরাও নিখোঁজ। তাঁদের বেশির ভাগ চট্টগ্রামের বাঁশখালী উপজেলা ও নোয়াখালীর বাসিন্দা।মুসা জানান, তাঁর ভাই ইসা পাঁচ বছর ধরে মাদাগাস্কার ও ওমানের রাজধানী মাসকাটে ছিলেন। তিনি জানান, ভাইয়ের ব্যাপারে বিভিন্ন সূত্রে তাঁরা বিভিন্ন খবর পাচ্ছেন। তবে তাঁর ভাইসহ নিখোঁজ অন্যরা বেঁচে আছেন কি না, সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন। এ ক্ষেত্রে তিনি সরকারের সহযোগিতা কামনা করেন।