ওমানে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
ওমানের রাজধানী মাসকটের ১০০ কিলোমিটার উত্তরে বিরকা এলাকার কাছে গত সোমবার এক সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরেক বাংলাদেশিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তাঁরা হলেন গনেশ চন্দ্র দাস, খোকন চন্দ্র দাস ও মামুন। তবে বাংলাদেশের কোথায় তাঁদের বাড়ি এবং ওমানে তাঁরা কী ধরনের কাজ করতেন, সে সম্পর্কে কিছু জানা যায়নি। মাসকটে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর রবি-উল-ইসলাম বলেন, নিহত ও আহত ব্যক্তিরা সোমবার সকালে মাসকটে আসা তাঁদের এক বন্ধুকে নিয়ে সোহার শহরে ফিরছিলেন। গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, নিহত ব্যক্তিদের লাশ বিমানে করে দ্রুত বাংলাদেশে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে দূতাবাস।ওমান পুলিশের একজন মুখপাত্র জানান, ‘যে গাড়িতে চড়ে বাংলাদেশিরা মাসকট থেকে সোহার শহরে যাচ্ছিলেন ওই গাড়ির চালক ঘুমিয়ে পড়ার ফলে মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি রাস্তার বাইরে চলে যায়।’ গালফ নিউজ।