ওমানে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ চার বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওমানে সড়ক দুর্ঘটনায় চারজন বাংলাদেশি নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন। দেশটির রাজধানী মাসকট থেকে ৫০০ কিলোমিটার দূরের উপকূলীয় এলাকা আলঘিনায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন চট্টগ্রামের সন্দ্বীপের মোহাম্মদ হেলাল (২৭), তাঁর ভাই মোহাম্মদ বেলাল (২৫), আসাদুজ্জামান (৩০) এবং রাউজানের মোহাম্মদ জামাল (৪৫)।ওমানের বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর রবিউল ইসলাম গতকাল মঙ্গলবার রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গত সোমবার দিবাগত রাত দুইটায় দুর্ঘটনাটি হয়। দুর্ঘটনায় চারজন নিহত ও নয়জন আহত হন। গুরুতর আহত পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন। আহত বাকি চারজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁরা সবাই বাংলাদেশি। দুর্ঘটনায় পাঁচ ভারতীয় নাগরিকও আহত হন।হাসপাতাল সূত্রের বরাত দিয়ে গালফ নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের ১৮ জন নাগরিককে বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের লোহার রেলিংয়ে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত চার বাংলাদেশির মরদেহ রয়্যাল ওমানি পুলিশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের প্রাথমিকভাবে খোয়াইমাহর জালান বনি বু আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।এর আগে এপ্রিলে মাসকটের কাছে এক সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হন।