ওয়াক্কাস ১৫ দিনের রিমান্ডে
হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি মুহাম্মদ ওয়াক্কাসকে রাজধানীর মতিঝিল ও পল্টন থানার পৃথক পাঁচটি মামলায় তিন দিন করে মোট ১৫ দিন জিজ্ঞাসাবাদ করার (রিমান্ড) আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম এসএম আশিকুর রহমান এই আদেশ দেন।
হত্যা, লুটপাট, পুলিশের কর্তব্য কাজে বাধা, অগ্নিসংযোগের অভিযোগে মতিঝিল ও পল্টন থানায় করা পৃথক পাঁচ মামলায় ১০ দিন করে মোট ৫০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে থানা পুলিশ। ৩ সেপ্টেম্বর ওই আবেদন করা হয়।
আজ রিমান্ড শুনানির আগে আসামি মুহাম্মদ ওয়াক্কাসকে আদালতে হাজির করা হয়। আদালতে তাঁর জামিনের জন্য আবেদন করা হয়। তবে আদালত তা নামঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু বলেন, গত ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনার মূল পরিকল্পনাকারী ও অর্থের জোগানদাতাদের পরিচয় জানতে এবং পলাতক আসামিদের নাম ঠিকানা জানার জন্য ওই রিমান্ড আবেদন করা হয়েছে। প্রকৃত রহস্য উদঘাটন ও সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
ওয়াক্কাসের আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মহসীন মিয়া আদালতকে বলেন, ৫ মে হেফাজতের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ বিনা উসকানিতে গুলি করে পাখির মতো মানুষ খুন করে এবং শত শত মানুষকে আহত করে। ওই ঘটনায় করা মিথ্যা মামলায় তাঁকে জড়িত করা হয়েছে। মামলার এজাহারেও তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। তাই জামিন পেতে পারেন।
মুফতি ওয়াক্কাস বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটভুক্ত জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির। তিনি হুসেইন মুহম্মদ এরশাদ সরকারের আমলে ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন। এ ছাড়া ২০০১ সালের নির্বাচনে চারদলীয় জোটের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ২ সেপ্টেম্বর কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) একটি বৈঠক চলাকালে দুপুর আড়াইটার দিকে রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া থেকে ওয়াক্কাসকে গ্রেপ্তার করে।