ওয়ান ব্যাংকের পাঁচ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে আনন্দ শিপইয়ার্ডের প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনা অনুসন্ধানের অংশ হিসেবে ওয়ান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকসহ (ডিএমডি) পাঁচজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল সোমবার দুদকের উপপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি দল সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করেন।
ব্যাংকটির ডিএমডি জোহরা বিবি ছাড়াও যেসব জ্যেষ্ঠ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তাঁরা হলেন রোজিনা আলিয়া আহমেদ, মো. আফতাব উদ্দিন খান, মো. আবু সালেহ ও জামিল হোসেন। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গত ২৬ জানুয়ারি তাঁদের তলব করে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক বরাবর নোটিশ পাঠানো হয়। একই বিষয়ে অনুসন্ধানে আজ মঙ্গলবার আরও ছয়জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করার কথা।
দুদক সূত্রে জানা গেছে, জাহাজ রপ্তানির নামে ঋণ জালিয়াতির মাধ্যমে আনন্দ শিপইয়ার্ড দেশের ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এর মধ্যে ওয়ান ব্যাংকের মতিঝিল শাখা থেকে নেওয়া ১১৪ কোটি ২১ লাখ টাকাও রয়েছে।
এ বিষয়ে অভিযোগ আমলে নিয়ে ২০১৪ সালের এপ্রিল মাসে অনুসন্ধান শুরু করে দুদক।
সংস্থাটির উপপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি দল বিষয়টির অনুসন্ধান করছে।