ওয়ানগালা উৎসব পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গারো জনগোষ্ঠীর সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসব ওয়ানগালায় গতকাল রোববার কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেছেন, ‘গারো নারীদের, গারো সমাজের কাছ থেকে আমাদের শেখার আছে—সাংস্কৃতিক বোধ, চেতনাকে শাণিত করে কীভাবে নির্যাতিতকে বরণ করতে হয়। নির্যাতনকারীকে কীভাবে ঘৃণা করতে, পরিত্যাগ করতে হয়।’
রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে গতকাল ওয়ানগালা উৎসব উদ্যাপন করা হয়। গারো জনগোষ্ঠী মূলত খাদ্যশস্যের বীজ দানকারী দেবতা মিসি সালজংয়ের সম্মানে ওয়ানগালা উৎসব পালন করেন।
গারোরা বিশ্বাস করে, সৃষ্টিকর্তা সব উদ্ভিদ ও শস্যাদির জীবনের ভার সূর্য দেবতা সালজংকে দিয়েছেন। সালজং দেবতার দয়া-করুণার ওপর নির্ভর করে ফসলের ফলন ভালো হয়। তাই তাঁর আশীর্বাদ পাওয়ার জন্য গারোরা ধন্যবাদ উৎসব ওয়ানগালা পালন করেন।
ওয়ানগালা উৎসবের প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, মানুষ মানবিক শিক্ষায় শিক্ষিত হয়ে উঠলে সব মানুষের অধিকার সম্পর্কে সচেতন হবে, সব মানুষকে মর্যাদা দিতে শিখবে।
ঢাকায় বসবাসরত প্রায় ১৫ হাজার গারো ওয়ানগালা উৎসবে অংশ নেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নৃতত্ত্ববিদ প্রশান্ত ত্রিপুরা, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং প্রমুখ। নকমা হেষ্টিং রেমার সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ানগালা উৎসবে সুশীল সমাজ, বেসরকারি প্রতিষ্ঠান ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সকালে শোভাযাত্রার মধ্য দিয়ে ঢাকা ওয়ানগালা উৎসবের সূচনা হয়। এরপর দুপুর পর্যন্ত চলে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেলে আলোচনা পর্ব শেষে আবার সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।