ওয়ারিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে কিশোরের মৃত্যু
রাজধানীর ওয়ারিতে গতকাল বৃহস্পতিবার রাতে আমির সিয়াম (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
সিয়াম স্বামীবাগের মিতালি স্কুলের ছাত্র। আগামী বছর তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, ওয়ারির ৪২ নম্বর র্যাঙ্কিন স্ট্রিটের বাসা থেকে গতকাল দিবাগত রাত দুইটার দিকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় সিয়ামকে উদ্ধার করে তার মামা বিদ্যুত্সহ অন্যরা ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিত্সাধীন অবস্থায় রাত তিনটায় কর্তব্যরত চিকিত্সকেরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওয়ারি থানার উপপরিদর্শক (এসআই) অখিল রঞ্জন সরকার। সিয়ামের মামা বিদ্যুতের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে তিনি জানান, সিয়ামের বাবা জাহিদ হাসান দীর্ঘদিন ধরে বিদেশে রয়েছেন। বহু বছর ধরে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই। তিন-চার বছর আগে সিয়ামের মা জান্নাতকে আবার বিয়ে দেন তাঁর মামারা। এ ঘটনায় সিয়াম অভিমান করে আত্মহত্যা করতে পারে। তবে সে আগ্নেয়াস্ত্র কোথায় কীভাবে পেল, এ ব্যাপারে কিছু জানানো হয়নি।
এসআই অখিল রঞ্জন সরকার জানান, সিয়ামের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা আছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো মামলা হয়নি। এটা আত্মহত্যা, না খুন—এ ব্যাপারে তদন্ত হবে।