ওয়ারী, নারিন্দা ৭ ঘণ্টা বিদ্যুৎহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ারী, নারিন্দা, উত্তর মৈশুণ্ডীসহ পুরান ঢাকার কিছু এলাকা গতকাল শুক্রবার প্রায় সাত ঘণ্টা বিদ্যুৎবিহীন ছিল। দীর্ঘ এই সময় বিদ্যুৎ বন্ধ থাকায় এসব এলাকায় পানিরও সমস্যা দেখা দেয়। পানির অভাবে অনেক বাড়িতে গৃহস্থালির কাজ, এমনকি রান্নাবান্নায়ও ব্যাঘাত ঘটে।
এসব এলাকার বাসিন্দাদের অভিযোগ, পূর্ব ঘোষণা বা পর্যাপ্ত প্রচারণা ছাড়াই বিদ্যুৎ বন্ধ রাখা হয় বলে তাঁদের প্রস্তুতি ছিল না। তবে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) নারিন্দা উপকেন্দ্র কার্যালয় বলেছে, একটি ট্রান্সফরমারের রক্ষণাবেক্ষণের কাজের জন্য ওয়ারী ও আশপাশের এলাকায় বিদ্যুতের ব্যবস্থা বন্ধ রাখা হয়। এ বিষয়ে এলাকায় মাইকিংও করা হয়।
ওয়ারীর লারমিনি স্ট্রিটের বাসিন্দা আবদুল গফুর বলেন, সকাল পৌনে নয়টার দিকে বিদ্যুৎ চলে যায়। ১০টার দিকে গোসল করতে গিয়ে দেখেন, কলে পানি নেই। বাড়ির তত্ত্বাবধায়ক জানান, বিদ্যুৎ না থাকায় পানি ওঠানো যাচ্ছে না। আগের রাতে পানি ওঠানো হয়েছিল। ট্যাংকের পানি ফুরিয়ে গেছে।
আবদুল গফুর বলেন, বিদ্যুৎ আসে বেলা সাড়ে তিনটার দিকে। বিদ্যুৎ বন্ধ থাকবে এমন কোনো মাইকিং বা প্রচারণা তাঁরা শোনেননি।
র্যাং কিন স্ট্রিটের বাসিন্দা তৈয়বুর রহমান বলেন, শীতকালে লোডশেডিং কম হলেও সকালে বিদ্যুৎ চলে যাওয়ায় অনেকেই ভেবেছিলেন, লোডশেডিং। দীর্ঘক্ষণ পরও বিদ্যুৎ না আসায় তাঁরা চিন্তিত হয়ে পড়েন। বিদ্যুৎ না থাকায় মোটরের সাহায্যে পানি তোলা যায়নি।
নারিন্দার মাহমুদা খানম বলেন, বিদ্যুতের কারণে পানি না থাকায় রান্নায় সমস্যা হয়। পরে রেস্তোরাঁয় গিয়ে দুপুরের খাবার খেতে হয়।
এ কে সেন রোডের রুহুল আমিন বেলা তিনটার দিকে ফোন করে জানতে চান, তাঁদের এলাকায় বিদ্যুৎ আদৌ আসবে কি না। সন্ধ্যার পর বিদ্যুৎ না থাকলে চরম ভোগান্তি হবে। ওই এলাকার মনজুর হোসেন জানান, একযোগে বিদ্যুৎ ও পানির সমস্যায় তাঁর পরিবারের সদস্যরা চরম অস্বস্তিতে পড়েন। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ফ্রিজের খাবার নষ্ট হয়ে যায়।
উত্তর মৈশুণ্ডীর কয়েকজন বাসিন্দা জানান, শুক্রবার বিদ্যুৎ থাকবে না—এই মর্মে বৃহস্পতিবার রাতে এলাকায় মাইকিং করা হয়।
যোগাযোগ করা হলে ডিপিডিসির স্কাডার কর্মকর্তা মো. মামুন প্রথম আলোকে বলেন, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী নারিন্দা উপকেন্দ্রের একটি ট্রান্সফরমার রক্ষণাবেক্ষণকাজ করা হয়। এ বিষয়ে পুরো এলাকাতেই মাইকিংও করা হয়।
ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এ ডি এম কামরুল আলম চৌধুরী বলেন, লোডশেডিং বা বিদ্যুৎবিভ্রাট হলেও ওয়াসার স্বাভাবিক পানি সরবরাহ বন্ধ ছিল না।