ওয়ারীর বিপজ্জনক সড়ক

ইট বেরিয়ে থাকা ভাঙা রাস্তায় চলতে গিয়ে লাফাতে লাফাতে একসময় উল্টে পড়েই গেলেন মোটরসাইকেলচালক ও আরোহী। চালকের মাথায় হেলমেট ছিল। তাই মাথায় আঘাত পাওয়া থেকে রক্ষা পেয়েছেন। তবে তাঁর পেছনে বসা আরোহীর হাতে-মাথায় চোট লেগেছে। সারা মুখ-মাথায় ধুলার আবরণ। রক্তে ভিজে ধুলা হয়ে গেল রক্তিম। তাঁকে দ্রুত পার্শ্ববর্তী সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতালে নিয়ে গেল পথচারীরা। যে রিকশায় নিয়ে গেল, সেটিও লাফাতে লাফাতে চলল।
গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গুলিস্তান-যাত্রাবাড়ী উড়ালসড়কের (মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার) নিচে ফোল্ডার স্ট্রিট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
এলাকা ঘুরে দেখা যায়, উড়ালসড়কের নিচে ওয়ারী স্কুল, আরএফএল বেস্টওয়ে, সুপারস্টার হোটেল, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনের সড়ক সব সময় ধুলায় ভরা থাকে। প্রায় পুরো রাস্তাই ভাঙাচোরা। ঢেউ খেলানো। রড বেরিয়ে আছে বিপজ্জনকভাবে। প্রতিদিন অন্তত আট-দশটি গাড়ির চাকা ফেটে যায় বলে পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়। এ নিয়ে গত আগস্টে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর কিছু কিছু জায়গায় ইট বা খোয়া ফেলা হয়। তারপর আবার আগের অবস্থা। সবশেষ খবর হচ্ছে, সামনে আরও এক মাস এলাকাবাসী ও বিভিন্ন পরিবহন আরোহীদের ধুলা ও ভাঙা রাস্তার দুর্বিষহ ভোগান্তি সহ্য করতে হবে। কারণ এর আগে সিটি করপোরেশন রাস্তা মেরামতের কাজে হাত দিতে পারছে না।
স্থানীয় দোকানি, পথচারী ও আশপাশের এলাকার উপস্থিত বাসিন্দারা ভাঙা রাস্তা আর ধুলা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন। স্থানীয় মোটরসাইকেল গ্যারেজের মালিক হারুনুর রশিদ সকাল ১০টা থেকে প্রায় ১২ ঘণ্টা মাস্ক ব্যবহার করতে বাধ্য হন। বললেন, বর্ষাকালে কাদা আর শুকনাকালে ধুলার রাজত্ব যেন এলাকাবাসীর নিয়তি। উড়ালসড়ক নির্মাণ শুরুর (২০১০) পর থেকে এ অবস্থাই চলছে।
স্থানীয় শেরে বাংলা বালিকা বিদ্যালয়ের একজন ছাত্রীর বাবা লিয়াকত হোসেন বলেন, ভাঙা রাস্তায় প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। দয়াগঞ্জ থেকে স্কুলে আসার পথে মেয়েকে নিয়ে তাঁর রিকশাও উল্টে গিয়েছিল কয়েক দিন আগে। এর প্রতিকার কি নেই?
ওয়ারী লারমিনি স্ট্রিটের বাসিন্দা নটর ডেম ইউনিভার্সিটির ছাত্রী রূপালী চন্দের মাথা, নাক ও মুখ ঢাকা ওড়নায়। ধুলা থেকে বাঁচার চেষ্টা। বলল, ‘সিটি করপোরেশন আগে বলেছিল বর্ষার পরই রাস্তা মেরামত হবে। বর্ষা শেষ হয়ে শীত চলে এল। আর কত দিন ভাঙা রাস্তায় চলব আর ধুলা খাব?’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নূরুল আমিনের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ঢাকার সবচেয়ে বড় ও ব্যস্ত করিডর জয়কালী মন্দির থেকে স্বামীবাগ, সায়েদাবাদ-যাত্রাবাড়ী সড়ক। এই সড়ক নিয়ে বিপদের মধ্যে আছি। তবে জানুয়ারির মাঝামাঝি এর মেরামতের কাজ ধরা সম্ভব হতে পারে। ২৩ কোটি টাকায় এ সড়ক মেরামতের কাজ শেষ করতে এক মাস সময় লাগবে।
সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের কয়েকজন কর্মকর্তা অভিযোগ করেন, উড়ালসড়কের স্তম্ভ সুরক্ষার (পিয়ার প্রোটেকশন) নামে ‘গার্ড ওয়াল’ দেওয়া হয়েছে। এর ওপরে পানি নিষ্কাশনের পাইপগুলো সঠিক কাজ করে না। যার জন্য রাস্তায় পানি গিয়ে জমে এবং সব বিটুমিন নষ্ট হয়ে যায়।
ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নূরুল আমিন উড়ালসড়ক প্রকল্পেরও পরিচালক। জানতে চাইলে তিনি বিষয়টি দেখবেন বলে জানান। ফ্লাইওভারের নিচের রাস্তা মেরামত, ফুটপাত ও ড্রেনেজ লাইন নির্মাণে এ পর্যন্ত প্রায় ৮২ কোটি টাকা খরচ করা হয়েছে বলে প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়। এর মধ্যে ২০১৩ সালে খরচ করা হয় প্রায় ৬২ কোটি টাকা। ওই সময়ে রাস্তা বিটুমিনের কাজেই খরচ হয় ১৪ কোটি টাকা। পরে গত এপ্রিল পর্যন্ত আরও প্রায় ২০ কোটি টাকা খরচ করা হয়। এবার যোগ হচ্ছে আরও ২৩ কোটি টাকা।