ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অধিকতর শুনানির জন্য আপিল তালিকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদক্রম (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) বিষয়ে করা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল অধিকতর শুনানির জন্য কার্যতালিকায় এসেছে। কাল বৃহস্পতিবার আপিল বিভাগের দৈনন্দিন কার্যতালিকায় বিষয়টি সকাল ১০টায় শুনানির জন্য চার নম্বর ক্রমিকে রয়েছে।


এক রিট আবেদনের শুনানি শেষে ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট কয়েক দফা নির্দেশনাসহ ১৯৮৬ সালের ওয়ারেন্ট অব প্রিসিডেন্স (সংশোধিত) অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন। এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে।

গতকাল মঙ্গলবার আদালতে রাষ্ট্রপক্ষে নিযুক্ত বিশেষ কৌঁসুলি আবদুর রব চৌধুরী শুনানি করেন। রিট আবেদনকারী পক্ষে ছিলেন আইনজীবী মো. আসাদুজ্জামান। ওই দিন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, ফলাফলের ঘরে লেখা, ‘আপিল ডিসপোজসড অব ইউথ এক্সপানশন, মোডিফিকেশন, অবজারভেশন অ্যান্ড ফাইন্ডিংস’।

জানতে চাইলে আইনজীবী মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। কাল আদালতে যাব।’

আইনজীবী আবদুর রব চৌধুরী আজ প্রথম আলোকে বলেন, কয়েকটি বিষয়ে অধিকতর শুনানির জন্য বৃহস্পতিবার সকাল ১০টায় সময় নির্ধারণ করা হয়েছে।
রুলস অব বিজনেস অনুযায়ী ১৯৮৬ সালে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স তৈরি করে মন্ত্রিপরিষদ বিভাগ। রাষ্ট্রপতির অনুমোদনের পর ওই বছরের ১১ সেপ্টেম্বর তা জারি করা হয়। পরে বিভিন্ন সময়ে তা সংশোধন করা হয়। সংশোধিত এই ওয়ারেন্ট অব প্রিসিডেন্সের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়। কিন্তু ওই সময় ওয়ারেন্ট অব প্রিসিডেন্স তৈরির ক্ষেত্রে সাংবিধানিক পদ, সাংবিধান কতৃক স্বীকৃত ও সংজ্ঞায়িত পদগুলো প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নিচের ক্রমিকে রাখা হয়েছে বলে এর বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৬ সালে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব মো. আতাউর রহমান রিটটি করেন। ওই প্রিসিডেন্সে জেলা জজদের ২৪ নম্বর ক্রমিকে রাখা হয়। রিট দায়েরে পরিপ্রেক্ষিতে ওই বছরের ১৪ ডিসেম্বর হাইকোর্ট কয়েকটি বিষয়ে রুল দেন। রুলে ১৯৮৬ সালে জারি করা ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে (বিভিন্ন সময়ে সংশোধিত) জেলা জজদের প্রশাসনের অন্যান্য ক্যাডারের সদস্যদের একসঙ্গে বা নিচের ক্রমিকে রাখা কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয়। রুলের শুনানি শেষে ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি রায় দেন আদালত। এ রায়ের পর ২০১১ সালে আপিল করে রাষ্ট্রপক্ষ।