ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট রুল অব ল পুরস্কার পেল ব্র্যাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে আইনি ক্ষমতায়নের প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে ‘ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট রুল অব ল’ পুরস্কার পেল ব্র্যাক। নেদারল্যান্ডসের হেগে অনুষ্ঠিত চতুর্থ ওয়ার্ল্ড জাস্টিস ফোরামে গতকাল বৃহস্পতিবার বিকেলে এ পুরস্কার দেওয়া হয়। ব্র্যাকের পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করেন প্রতিষ্ঠানটির মানবাধিকার ও আইন-সহায়তা কর্মসূচির পরিচালক ফস্টিনা পেরেরা। বিশ্বব্যাপী আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট। এদের আয়োজনে বিভিন্ন দেশের প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিয়ে প্রতি দুই বছর পর অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড জাস্টিস ফোরাম। পুরস্কার প্রদান অনুষ্ঠানে ফস্টিনা পেরেরা বলেন, ব্র্যাক বিশ্বাস করে আর্থিক সহায়তাদানের পাশাপাশি সামাজিক ও আইনগত ক্ষমতায়নও জরুরি। ব্র্যাকের মানবাধিকার ও আইন-সহায়তা কর্মসূচির আওতায় ১২ হাজার কর্মী তৃণমূল পর্যায়ে সেবা দিচ্ছে। একই পুরস্কারের ব্যক্তিগত শ্রেণীতে সম্মাননা পেয়েছেন ইরানের মানবাধিকারকর্মী নোবেলজয়ী শিরিন এবাদি। বিজ্ঞপ্তি।