ওয়াল-মার্ট ও গ্যাপের কাছে নিরাপত্তা স্মারকে স্বাক্ষরের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবিলম্বে বাংলাদেশ অগ্নি ও ভবন নিরাপত্তা স্মারকে স্বাক্ষর করার জন্য বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম বৃহৎ ক্রেতা প্রতিষ্ঠান ওয়াল-মার্ট ও গ্যাপসহ অন্যদের প্রতি দাবি জানিয়েছে দুটি গার্মেন্টস ফেডারেশন।

গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। একই সঙ্গে শ্রমিকদের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিতের দাবিও জানানো হয়।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশন আয়োজিত এ সংবাদ সম্মেলনে তাজরীন ফ্যাশন ও রানা প্লাজায় নিহত শ্রমিকদের অর্ধশতাধিক শিশুসন্তান অংশ নেয়।

এ বিষয়ে গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি মো. বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, ওই স্মারকে ওয়াল-মার্ট ও গ্যাপসহ অন্যরা যাতে অবিলম্বে সই করে, সে জন্য শিশুদের পক্ষ থেকে আহ্বান জানাতেই অভিভাবকদের মাধ্যমে শিশুদের নিয়ে আসা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক। এতে বলা হয়, আজ সবচেয়ে জরুরি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পকে নিরাপদ কর্মস্থলে পরিণত করা। এটার দায়িত্ব যেমন মালিক, বিজিএমইএ এবং সরকারের, তেমনি বহুজাতিক কোম্পানি বা বায়ারদের।