ওয়াশিং মেশিনে ফেলে শ্রমিককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পোশাক তৈরির একটি কারখানার ওয়াশিং মেশিনের ভেতর ফেলে এক শ্রমিককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ভান্নারা এলাকার চায়না কিচেন ওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা থেকে ওই শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত শ্রমিক মো. উজ্জ্বল মিয়া (১৬) টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শিবপুর সেনেরপাড়া এলাকার আব্বাস আলীর ছেলে। সে ওই কারখানায় ওয়াশিংয়ের সহযোগী পদে কাজ করত।
কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, সকালে ওয়াশিং মেশিনের পাশে উজ্জ্বল, তার সহকর্মী মো. খলিলুর রহমান (২৮) ও আবু বকর বসে একে অপরকে ছোট ইটের টুকরা ছুড়ছিল। একপর্যায়ে খলিল উজ্জ্বলকে কোলে তুলে পাশে থাকা ওয়াশিং মেশিনের ভেতরে ফেলে দিয়ে সুইচ চালু করে দেন। এতে উজ্জ্বলের মাথা ও মুখমণ্ডল থেঁতলে যায় এবং নাক-মুখ দিয়ে রক্ত বেরিয়ে সে ঘটনাস্থলে মারা যায়। ঘটনার পরপর খলিলুর কারখানা থেকে পালিয়ে যান।
কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ কারখানা থেকে আবু বকরকে আটক করে। উজ্জ্বলের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কারখানার ব্যবস্থাপক সাইফুল ইসলাম প্রথম আলোকে জানান, ঘটনায় জড়িত শ্রমিকদের চাকরিচ্যুত করা হবে।