ওয়াশিংটন টাইমসের সেই নিবন্ধ আমার নয়: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন টাইমস পত্রিকায় তাঁর নামে প্রকাশিত নিবন্ধটি তাঁর লেখা নয় বলে দাবি করেছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিবন্ধটি বিরোধীদলীয় নেতারই লেখা। কারণ, সংসদে দেওয়া তাঁর (খালেদা জিয়া) বক্তব্যের সঙ্গে ওই নিবন্ধের বক্তব্যের মিল আছে। 

গত ৩০ জানুয়ারি ওয়াশিংটন টাইমস-এ ‘দ্যা থ্যাক্্সলেস রোল ইন সেভিং ডেমোক্রেসি ইন বাংলাদেশ, করাপশন অ্যান্ড স্টেলিং থ্রেটেন আ ওয়ানস ভাইব্রেন্ট নেশন’ শীর্ষক একটি নিবন্ধ প্রকাশিত হয়। ওই নিবন্ধের নিচে লেখকের পরিচিত হিসেবে লেখা ছিল ‘বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ ও বর্তমানে সংসদের বিরোধীদলীয় নেতা।’

ওই দিনই সংসদে সরকারি দলের মন্ত্রী ও সাংসদেরা ওই লেখার জন্য খালেদা জিয়ার তীব্র সমালোচনা করেন। তাঁরা ওই লেখাকে দেশের স্বার্থবিরোধী ও রাষ্ট্রদ্রোহ অপরাধের শামিল উল্লেখ করে খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান।

ওই নিবন্ধে বলা হয়েছিল, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা এখন হুমকির মুখে। গোটা দেশ একটি পরিবারের হাতে জিম্মি। উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেশটির সামনে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা ছিল, দুর্নীতির কারণে তা-ও ম্লান হতে বসেছে। নির্বাচনে যাতে ভোটারদের সুষ্ঠু মতামত প্রতিফলিত হয়, সে জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার বিষয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো মিত্র দেশগুলোর জোরালো ভূমিকা রাখার সুযোগ রয়েছে। গণতন্ত্রের পথ থেকে বাংলাদেশের বিচ্যুতি ঠেকাতে পশ্চিমা দেশগুলোকে আরও ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। নিবন্ধে বলা হয়, শেখ হাসিনা সরকারের যাঁরা গণতন্ত্র, বাক্স্বাধীনতা ও মানবাধিকার লঙ্ঘন করছেন, তাঁদের বিরুদ্ধে ভ্রমণ ও অন্যান্য নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করতে পারে পশ্চিমা শক্তিগুলো। নিবন্ধে জিএসপি সুবিধা বাতিলের কথা বলা হয়েছে বলেও সংসদে দাবি করেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।

ওই সময় ওই নিবন্ধের বক্তব্য সমর্থন এবং ওয়াশিংটন টাইমস-এ লেখার পক্ষে যুক্তি দিয়ে গণমাধ্যমে বক্তব্য দিয়েছিলেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। গত পাঁচ মাসে বিএনপির পক্ষ থেকে এই নিবন্ধ যে খালেদা জিয়ার নয় এমন কোনো দাবি করা হয়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ওই নিবন্ধের সমালোচনাকে ‘নিচু মানসিকতা ও অসহিষ্ণুতার’ পরিচায়ক বলে মন্তব্য করেছিলেন।

গতকাল শনিবার প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা শুরু করে খালেদা জিয়া জিএসপি স্থগিতের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা অব্যাহত রাখতে ব্যর্থ হয়ে সরকার এখন জনগণকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন প্রচারণা শুরু করেছে। বলা হয়েছে, আমি নাকি চিঠি দিয়ে জিএসপি সুবিধা বন্ধ করেছি। আমার পক্ষে এ ধরনের কোনো চিঠি দেওয়ার প্রশ্নই উঠে না।’

এ সময় প্রধানমন্ত্রী হাত উঁচু করে একটি কাগজ দেখালে খালেদা জিয়া বলেন, ‘ওটা আমার লেখা না। প্রমাণ আছে। আমার কাছে প্রমাণ আছে।’

খালেদা জিয়া আরও বলেন, ‘কেউ কেউ বিদেশি একটি পত্রিকায় আমার নামে প্রচারিত একটি লেখার কথা বলেছেন। আমি এমন কোনো লেখা পাঠাইনি। বরং যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দের সঙ্গে আমার যতবার দেখা হয়েছে, ততবারই আমি জিএসপি সুবিধা বহাল রাখা এবং বাংলাদেশের তৈরি পোশাককে এই সুবিধার আওতায় আনার সুপারিশ করেছি। আমি আমাদের রেডিমেড গার্মেন্টসসহ সকল রপ্তানি পণ্যকে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার জন্য আবারও জোরালো আহ্বান জানাচ্ছি।’ তিনি বলেন, ‘সরকারের উদ্দেশে বলব, নিজেদের ব্যর্থতার দায়ভার অন্যের ওপর চাপিয়ে লাভ নেই। দেশবাসী জানেন, বাংলাদেশে সাহায্য বন্ধ করার আবেদন জানিয়ে কারা বিদেশে চিঠি লিখেছে। কারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বলে বিদেশে জাতীয় স্বার্থবিরোধী প্রচারণা চালিয়েছে।’

সংসদে খালেদা জিয়া যখন বলেছিলেন, এটি তাঁর লেখা নয়, তখন সরকারদলীয় কয়েকজন সাংসদ বিরোধীদলীয় নেতার উদ্দেশে বলেন, ‘পত্রিকায় সংশোধনী দিয়েছিলেন?’ অবশ্য এর কোনো জবাব খালেদা জিয়া দেননি। 

খালেদা জিয়ার বক্তব্যের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা বন্ধ করার জন্য ওয়াশিংটন টাইমস পত্রিকায় বিরোধীদলীয় নেত্রী নিবন্ধ লিখেছিলেন। চলতি বছরের পয়লা ফেব্রুয়ারি এ নিবন্ধ প্রকাশিত হয়। এই নিবন্ধের ১২ জায়গায় আমার নাম নিয়ে আমার বিরুদ্ধে লেখা হয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘এ লেখায় মনে হয়েছে তিনি বাংলাদেশের বিরুদ্ধে। আমার বিরুদ্ধে লেখেন ঠিক আছে। ছেলেকে দিয়ে গ্রেনেড হামলা করে আমাকে হত্যা করতে চেয়েছিলেন। প্রতিহিংসায় আমার বিরুদ্ধে লিখেছেন। কিন্তু দেশের মানুষের বিরুদ্ধে লিখলেন যে জিএসপি সুবিধা বন্ধ করা হোক। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নাগরিকদের যাতায়াত বন্ধ করে দেওয়ার কথা লিখেছেন। “আদার সেংশান” দিতে বলেছেন। আদার সেংশানের মানে বোঝেন? সব অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে দেওয়া।’

শেখ হাসিনা বলেন, ‘নিজের দেশের মানুষের জন্য অর্থনৈতিক প্রতিবন্ধকতা দিতে, যুক্তরাষ্ট্র যাওয়া বন্ধ করতে বলেন, এর চেয়ে দুঃখের লজ্জার আর নেই।’

প্রধানমন্ত্রীর এ বক্তৃতার সময় বিএনপিদলীয় সাংসদেরা ‘না, না’ ধ্বনি দিয়ে হইচই-চিৎকার করতে থাকেন। তখন প্রধানমন্ত্রী বলেন, ‘এ নিবন্ধ উনি না লিখলে কে লিখলেন? ওনার ভাষণ এবং নিবন্ধের ভাষায় মিল আছে।’