ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসম্যানের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পিকার শিরীন শারমিন চৌধুরী ওয়াশিংটনে রিপাবলিকান পার্টির কংগ্রেসম্যান ও মার্কিন কংগ্রেসের ক্ষুদ্র বাণিজ্যসংক্রান্ত সাবকমিটির চেয়ারম্যান স্টিভ স্যাবটের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁরা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, মানবতাবিরোধী অপরাধের বিচার, অর্থনৈতিক অগ্রগতি এবং নারীর ক্ষমতায়ন বিষয়ে আলোচনা করেন। খবর বাসসের।
ওয়াশিংটনে গত মঙ্গলবার কংগ্রেসম্যান স্টিভ স্যাবটের ক্যাপিটাল হিলের কার্যালয়ে স্পিকার তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন বলে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দুই দিনব্যাপী গ্লোবাল পার্লামেন্টারি কনফারেন্সে অংশ নেওয়ার লক্ষ্যে স্পিকার ওয়াশিংটন সফরে যান। বিশ্বব্যাংক সদর দপ্তরে ১২ থেকে ১৩ এপ্রিল এ সম্মেলন হয়।
কংগ্রেসম্যান স্টিভ স্যাবটের সঙ্গে প্রায় আধা ঘণ্টার সাক্ষাতে স্পিকার তাঁকে জানান, বিএনপি-জামায়াতের গত তিন মাসের ভয়াবহ সন্ত্রাসের পর দেশের জনজীবন স্বাভাবিক হয়ে এসেছে।
কংগ্রেসম্যান স্টিভ স্যাবট বাংলাদেশে শান্তি ফিরে আসার কথা শুনে সন্তোষ প্রকাশ করেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের চলমান বিচার প্রসঙ্গে স্পিকার বলেন, সরকার আন্তর্জাতিক মান বজায় রেখে যথাযথ প্রক্রিয়ায় এ বিচার করছে। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত ব্যক্তির সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করার অধিকার রয়েছে, যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ক্ষেত্রে বিরল। এমনকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা বাংলাদেশে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষাও চাইতে পারেন।