ওয়াসার এমডিকে দুদকের জিজ্ঞাসাবাদ
পদ্মা জশলদিয়া পানি শোধনাগার প্রকল্পে অনিয়মের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের সহকারী পরিচালক শেখ আবদুস সালাম তাঁকে জিজ্ঞাসাবাদ করেন বলে সংস্থার উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য নিশ্চিত করেছেন।
দুদক সূত্র জানায়, গতকাল সকালে তাকসিম এ খান দুদকে আসেন। সকাল সাড়ে নয়টার দিকে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। শেষ হয় দুপুর সাড়ে ১২টায়। সূত্র আরও জানায়, এর আগে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে দুই দফায় নোটিশ পাঠানো হলেও তিনি সাড়া দেননি। বুধবার বিকেলে তিনি দুদকে ফোন করে পরদিন সংস্থাটির প্রধান কার্যালয়ে আসবেন বলে জানান।
জিজ্ঞাসাবাদের সময় অনুসন্ধানের বিষয়ে নিজের লিখিত বক্তব্যও উপস্থাপন করেন ওয়াসার এমডি। তবে অভিযোগের বিষয়ে তাঁর কাছে বিভিন্ন বিষয়ে জানতে চান অনুসন্ধান কর্মকর্তা।
দুদক সূত্র জানায়, ঢাকা ওয়াসার পদ্মা জশলদিয়া পানি শোধনাগার প্রকল্প (ফেজ-১) ২০১৩ সালের ৮ অক্টোবর একনেকের অনুমোদন পায়। এর ব্যয় নির্ধারণ করা হয় ৩ হাজার ৫০৮ কোটি ৭৯ লাখ ১৫ হাজার টাকা। মুন্সিগঞ্জে পদ্মার জশলদিয়া পয়েন্টে এই শোধনাগার স্থাপন করা হবে। এখান থেকে পরিশোধিত পানি কেরানীগঞ্জ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য বসানো হবে পাইপ। বুড়িগঙ্গা নদীর তলদেশ দিয়ে এই পাইপ নেওয়া হবে।
অভিযোগে বলা হয়, প্রকল্পটি অনুমোদনের ১৩ মাস আগে ২০১২ সালের ২৫ সেপ্টেম্বর চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স চায়না সিএএমসি ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের সঙ্গে ঢাকা ওয়াসা চুক্তি করে। এ জন্য দরপত্র আহ্বান করা হয়নি। ঠিকাদার চূড়ান্ত করার আগে ওয়াসার নিয়মানুযায়ী দর-কষাকষিও (ভেটিং) করা হয়নি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে। ভেটিং না করায় কমপক্ষে ৩৫০ কোটি টাকারও বেশি ক্ষতি হবে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ এবং পরামর্শক নিয়োগের আগেই তড়িঘড়ি করে পাইপ আমদানির জন্য ব্যয় করা টাকার ওপর অতিরিক্ত সুদ গুনতে হবে প্রায় ১৫০ কোটি টাকা। সব মিলিয়ে সরকারের ৫০০ কোটি টাকারও বেশি ক্ষতি হবে বলে অভিযোগে উল্লেখ করা হয়।