ওয়াসার এমডির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা জশলদিয়া পানিশোধনাগার প্রকল্পে অনিয়মের অভিযোগে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এ বিষয়ে সহকারী পরিচালক শেখ আবদুস সালামকে অনুসন্ধান কর্মকর্তা এবং উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে তদারককারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
দুদক সূত্র জানায়, ঢাকা ওয়াসার পদ্মা (জশলদিয়া) পানিশোধনাগার প্রকল্প (ফেজ-১) ২০১৩ সালের ৮ অক্টোবর একনেকের অনুমোদন পায়। এর ব্যয় নির্ধারণ করা হয় ৩ হাজার ৫০৮ কোটি ৭৯ লাখ ১৫ হাজার টাকা। মু​িন্সগঞ্জে পদ্মার জশলদিয়া পয়েন্টে এই শোধনাগারটি স্থাপন করা হবে। এখান থেকে পরিশোধিত পানি কেরানীগঞ্জ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য বসানো হবে পাইপ। বুড়িগঙ্গা নদীর তলদেশ দিয়ে এই পাইপ নেওয়া হবে।
অভিযোগে বলা হয়, প্রকল্পটি অনুমোদনের ১৩ মাস আগে ২০১২ সালের ২৫ সেপ্টেম্বর চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স চায়না সিএএমসি ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের সঙ্গে ঢাকা ওয়াসা চুক্তি করে। এ জন্য দরপত্র আহ্বান করা হয়নি। ঠিকাদার চূড়ান্ত করার আগে ওয়াসার নিয়মানুযায়ী দর-কষাকষিও (ভেটিং) করা হয়নি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে। ভেটিং না করায় কমপক্ষে ৩৫০ কোটি টাকারও বেশি ক্ষতি হবে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ এবং পরামর্শক নিয়োগের আগেই তড়িঘড়ি করে পাইপ আমদানির জন্য ব্যয় করা টাকার ওপর অতিরিক্ত সুদ গুনতে হবে প্রায় ১৫০ কোটি টাকা। সব মিলিয়ে সরকারের ৫০০ কোটি টাকারও বেশি ক্ষতি হবে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
সূত্রটি আরও জানায়, শিগগিরই ওয়াসার এমডিকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে তলব করা হবে।