
রাজধানীর রামকৃষ্ণ মিশন রোডের একটি কিন্ডারগার্টেনে শিশুকন্যাকে আনতে যাচ্ছিলেন গৃহবধূ তাসনুভা খানম। হাতে পাঁচ লিটারের একটি খালি জারিকেন। বললেন, এলাকায় অনেক দিন থেকে পানিতে দুর্গন্ধ। খাওয়ার পানিটা অন্তত বিশুদ্ধ চাই। তাই ফেরার পথে রামকৃষ্ণ মিশনের কল থেকে পানি নিয়ে আসবেন।
শুধু তাসনুভা নন, গোপীবাগ, রামকৃষ্ণ মিশন রোড, অভয় দাস লেন, পেয়াদাপাড়াসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা ঘর থেকে বেরোতে হাতে খালি জারিকেন বা খালি বোতল হাতে নিয়ে বের হন। বিশেষ করে, গোপীবাগ ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের বিপরীত দিকে অবস্থিত পেয়াদাপাড়া এলাকার প্রতিটি ঘরের মানুষকে বাইরে থেকে খাওয়ার পানি সংগ্রহ করতে হচ্ছে।
এলাকার বয়োজ্যেষ্ঠ বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আবদুল হাই বললেন, অনেক দিন থেকে ওয়াসার পানিতে এ রকম দুর্গন্ধ। এটা এখন এলাকাবাসীর জন্য নিয়তি।
ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এ ডি এম কামরুল আলম এ বিষয়ে প্রথম আলোকে বলেন, এলাকার সুনির্দিষ্ট বাড়ি দেখিয়ে দিলে তাঁরা অবশ্যই ব্যবস্থা নেবেন। ওই এলাকা থেকে ওয়াসা কোনো লিখিত অভিযোগ পায়নি।
নারী-পুরুষ, শিশু-কিশোরদের ভিড়: গত সোমবার বিকেলে ঢাকা রামকৃষ্ণ মিশনে গিয়ে দেখা যায়, প্রবেশপথের ঠিক পশ্চিমে স্থাপিত কল থেকে পানি সংগ্রহে ভিড় করেছে নারী-পুরুষ শিশু-কিশোর। পানি সংগ্রহ চলছে কলসি, বালতি, জারিকেনে। অনেকের হাতে এক বা দুই লিটারের মিনারেল ওয়াটারের পরিত্যক্ত ক্যান। দেখা গেল কেউ রিকশা ভ্যানে, এমনকি প্রাইভেট কারে করেও পানি নিয়ে যাচ্ছে।
স্থানীয় বস্তিতে থাকে ১২ বছরের বালক অতনু। এক লিটারের ক্যানে পানি নিয়ে সেখানেই পান করে সে। তার উদ্দেশ্য আবার পানি সংগ্রহ করা। সে জানায়, আরেক বোতল পানি সংগ্রহের পর বাসায় যাবে। তার মায়ের জন্য নিয়ে যাবে।
গোপীবাগ ১৬/২ নম্বর বাড়ির মরিয়ম বেগম এবং পার্শ্ববর্তী বাড়ির লোকমান হোসেন অকপটে জানান, এই মন্দিরের পানি ছাড়া তাঁদের গতি নেই। মাদারীপুর থেকে পেয়াদাপাড়া ছেলের কাছে বেড়াতে এসেছেন বৃদ্ধা কমলা রানী। পানির কারণে জন্য তাঁর পেট খারাপ হয়ে গেছে। তিনি বললেন, পাঁচ দিন ধরে প্রতিদিন তিনি মন্দিরে আসছেন। ৮/১ অভয় দাস লেনের একজন গাড়িচালক মো. লিটন জানান, ওয়াসার ট্যাপ খুলে কুলি করতে গিয়ে তাঁর মনে হয়েছে, দুর্গন্ধযুক্ত ঝাঁজালো গ্যাসে মুখের ভেতরটা পুড়ে যাচ্ছে।
সায়েদাবাদ পানি শোধনাগার থেকে পানি সরবরাহের কারণে এই অঞ্চলে ওয়াসার পানির সংকট আগের তুলনায় কমে এলেও ময়লা ও দুর্গন্ধের জন্য ওয়াসার পানি পান করা যাচ্ছে না।
সেবা কাজের অংশ: পানির সমস্যা কমাতে ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশন ২০০৬ সালে গভীর নলকূপটি স্থাপন করে। মিশনের হিসাবে প্রতিদিন এক হাজার থেকে এক হাজার ২০০ মানুষ মিশন থেকে পানি সংগ্রহ করে। প্রতিদিন সকাল সাতটা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত পানি নেওয়া যায় এখানে থেকে।
ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী বেদময়ানন্দ মহারাজ বলেন, মিশনের চিকিৎসাসেবা, শিক্ষাসেবা, কারিগরি সেবার মতো পুরো এলাকার বাসিন্দাদের এভাবে পানি দেওয়াও সেবামূলক কাজের অংশ। বস্তি থেকে শুরু করে অভিজাত ভবনের বাসিন্দারাও এখানে থেকে পানি সংগ্রহ করে।